খুলনায় আবারো ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর

খুলনা ব্যুরো
খুলনায় ১৫ দিনে চতুর্থ একটি স্বাস্থ্যসেবা  প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের  নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা প্রতিষ্ঠানের এক কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, দুপুর পেঁৗঁনে ১টার দিকে পাঁচজন যুবক নগরীর খানজাহান আলী রোডের  নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে প্রবেশ করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা চাইনিজ কুড়াল বের করে ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন জিনিসপত্র কোপাতে থাকে। তাদের হামলায় কাউন্টারের জিনিসপত্রসহ দু’টি এসি, একটি টিভি, সামনের দরজার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। তারা ডায়াগনস্টিক সেন্টারের একজন কর্মীর কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থাকা এক ব্যক্তি বলেন, দুর্বৃত্তরা সংখ্যায় পাঁচজন ছিল। তাদের সকলের হাতে চাইনিজ কুড়াল ছিল। 
ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক জাহিদ হোসেন বলেন, এক মাস আগে নগরীর টুটপাড়ার নূর আজিম বাহিনীর এক সদস্য আমাকে ফোন দেয়। বিপরীত থেকে নুর আজিমের কথা বলা হলে তিনি প্রতিউত্তরে বলেন, আমি তাকে চিনি না। এ কথা বলার পরপরই বিপরীত দিকে হতে ফোন কেটে দেয়া হয়। এর এক মাস পর হামলার ঘটনা ঘটল। 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করে সকলকে শনাক্ত করা গেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। 
উল্লেখ্য এর আগে গত ২৪ অক্টোবর রাতে নগরীর বাবুখান রোডে সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনার একদিন পর নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় শাখায় হামলা ও ভাঙচুর হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের অস্ত্র ঠেকিয়ে আতঙ্ক ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।  এ ঘটনার ১০ দিন পর নগরীর সামসুর রহমান রোডে আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে হামলা হয়। ঠিক এ ঘটনার চারদিন পর খানজাহান আলী রোডের অ্যাপোলে ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালান হল।

Advertisement