
টাইমস অব ইসরাইল
ইসরাইলের সদ্যসমাপ্ত নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক ও সামরিক মহলে চলমান উত্তেজনা এবং গোপন তৎপরতার একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সম্প্রতি ইসরাইলি গণমাধ্যম ‘চ্যানেল ১২’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ইরানের বিরুদ্ধে একটি সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা করেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার অনুগত মোসাদ প্রধান রোমান গফম্যান। তবে এই অভিযানের পেছনে ইসরাইলি নিরাপত্তা কর্তৃপক্ষের অন্য শীর্ষ কর্মকর্তাদের কোনো সমর্থন ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাদের আশঙ্কা ছিল, এই হামলা বড় ধরনের সঙ্ঘাত বা যুদ্ধ ডেকে আনতে পারে এবং এর ফলে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান ব্যাহত হতে পারে। কিন্তু সব বাধা সত্ত্বেও ওই অজ্ঞাত অভিযানের প্রস্তুতি চলতে থাকে। কিন্তু শেষ মুহূর্তে এক ইসরাইলি নিরাপত্তা কর্মীর ভুলে বিষয়টি যুক্তরাষ্ট্রের কানে চলে যায় এবং দ্রুত হস্তক্ষেপ করে সেই পরিকল্পনা নস্যাৎ করে দেয় তারা।
সামরিক সেন্সরশিপের কঠোর নজরদারির মধ্যেই প্রতিবেদনটি সম্প্রচার করেছে ইসরাইলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’। তবে সম্প্রচারিত এই প্রতিবেদনটি সরাসরি প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি নির্বাচনের আগে কোনো হামলার পরিকল্পনা এজেন্ডায় ছিল না- প্রধানমন্ত্রী নিজেই সে সময় বিষয়টি পরিষ্কার করেছিলেন।’
সেনাপ্রধানের সাথে বিরোধ
নির্বাচনের ঠিক আগে এ ধরনের প্রতিবেদন আরো প্রকাশ পেয়েছিল। নির্বাচনের মাত্র দু’দিন আগে, গত ২৫ অক্টোবর ‘চ্যানেল ১২’ জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আইডিএফ (ইসরাইলি ডিফেন্স ফোর্সেস) প্রধান ইয়াল জামিরের মধ্যে এক ‘নজিরবিহীন উত্তেজনা’ তৈরি হয়েছে। ইরানের সাথে উত্তেজনা বাড়াতে পারে- আইডিএফ প্রধানকে এমন একটি সামরিক পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী, যা নিয়ে সামরিক নেতৃত্বের মধ্যে সেসময় তীব্র বিরোধ দেখা দেয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








