
আলজাজিরা
মালয়েশিয়ার ওয়ানএমডিবি (১এমডিবি) দুর্নীতি মামলার রায়ে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক অবশেষে তার রাজকীয় ক্ষমার অন্যতম প্রধান শর্ত হিসেবে ধার্যকৃত ৫০ মিলিয়ন রিঙ্গিত (প্রায় এক কোটি ২০ লাখ মার্কিন ডলার) জরিমানা পরিশোধ করেছেন।
শুক্রবার সকালে তার রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) কুয়ালালামপুর হাইকোর্টে আনুষ্ঠানিকভাবে এই জরিমানা জমা দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। অর্থ পরিশোধের মাধ্যমে ৭৩ বছর বয়সী এই সাবেক শীর্ষ নেতার অবশিষ্ট কারাদণ্ড নিজ বাসভবনে গৃহবন্দী হিসেবে কাটানোর আইনি পথ উন্মুক্ত হলো।
একবিংশ শতাব্দীর অন্যতম বৃহৎ আর্থিক কেলেঙ্কারী হিসেবে পরিচিত রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ’ (১এমডিবি)-এর বিলিয়ন বিলিয়ন ডলার আত্মসাতের অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করছেন নাজিব রাজাক। গত সেপ্টেম্বর মাসে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম তাকে একটি শর্তসাপেক্ষ রাজকীয় ক্ষমা মঞ্জুর করেন। সেই ক্ষমার শর্তানুসারে, ৫০ মিলিয়ন রিঙ্গিত জরিমানা পরিশোধ করার পর তাকে কারাগার থেকে স্থানান্তরিত করে গৃহবন্দী রাখার সুযোগ দেয়ার বিধান রাখা হয়। গতকাল শুক্রবার দলীয় এক বিবৃতিতে ইউএমএনও জানায়, আজ সকালে কুয়ালালামপুর হাইকোর্টে ইউএমএনও সমস্ত পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন করেছে। এর মাধ্যমেই ইউএমএনও আনুষ্ঠানিকভাবে বিশেষ ‘নাজিব রাজাক সলিডারিটি ফান্ড’ অ্যাকাউন্টটির সমাপ্তি ঘোষণা করছে, যা সাধারণ জনগণের তহবিল সংগ্রহের জন্য তৈরি করা হয়েছিল। এই কাজের জন্য এখন আর কোনো গণতহবিল সংগ্রহের প্রয়োজন নেই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








