
রয়টার্স
ফিলিপাইনের কাছে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রি বাড়াতে ভারত এখন চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে। বিষয়টির সাথে সরাসরি যুক্ত তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ২০২২ সালে হওয়া এক চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ যখন শেষের দিকে, ঠিক তখনই নতুন এই চুক্তির খবর সামনে এলো।
ভারতীয় দু’টি সূত্র জানিয়েছে, ফিলিপাইন প্রায় পাঁচটি ব্রহ্মোস সিস্টেম কেনার পরিকল্পনা করছে, যার আওতায় প্রায় ৬০টি ক্ষেপণাস্ত্র থাকতে পারে। এই চুক্তির সম্ভাব্য মূল্য হতে পারে ৭০ কোটি থেকে ৮০ কোটি মার্কিন ডলার। এর আগে নৌবাহিনীর ব্যবহারের জন্য ফিলিপাইনের কাছে ৩৭.৫ কোটি ডলার মূল্যের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি করেছিল ভারত। তবে এবারের চুক্তির অঙ্ক তার চেয়েও বেশি।
দক্ষিণ চীন সাগরে চীনের সাথে উত্তেজনার পরিপ্রেক্ষিতে ফিলিপাইন নিজেদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। এমন পরিস্থিতিতে ভারতের সাথে তাদের এই নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।
ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্সেনিও আন্দোলোং রয়টার্সকে জানান, তাদের প্রেসিডেন্ট ফার্ডিনান্দ মার্কোস জুনিয়র অতিরিক্ত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করেছেন। গত বুধবার ‘দিল্লি ডিফেন্স ডায়ালগ’-এ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওডোরো বলেন, তারা আরো ব্রহ্মোস ইউনিট পাওয়ার আশা করছেন এবং সিস্টেমটিকে ফিলিপাইনের পরিবেশের জন্য আরো উপযোগী করে তুলতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি তালিকাও জমা দিয়েছেন।
ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস বিশ্বের অন্যতম দ্রুতগামী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা স্থল, সমুদ্র ও আকাশ থেকে নিক্ষেপ করা যায়। গত বছর ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষের সময় ভারত প্রথমবার এই অস্ত্র ব্যবহার করার পর থেকেই এর চাহিদা বেড়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








