
ক্রীড়া ডেস্ক
পর্তুগালের জার্সি গায়ে চাপিয়ে মাঠে দাবড়িয়ে বেড়ানোর ২৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবল থেকে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার অবসরের ঘোষণায় আবেগে ভাসছে ফুটবল বিশ্ব। তার বিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ব্রাজিলিয়ান তারকা নেইমার, পর্তুগালের কোচ হোর্হে জেসুস, সাবেক সতীর্থ পেপে, ব্রুনো ফার্নান্দেজসহ ফুটবলের অনেক কিংবদন্তি ও বর্তমান তারকারা। রোনালদোর অবসরের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে স্মৃতিচারণ শুরু করেন ফুটবলার ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। কেউ তাকে বলেছেন কিংবদন্তি, কেউ আবার অভিহিত করেছেন ফুটবল ইতিহাসের অনন্য এক অধ্যায়ের স্রষ্টা হিসেবে।
রোনালদোর প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘অসাধারণ প্রতিভা, অদম্য সঙ্কল্প এবং অসম্ভবকে সম্ভব করার আকাক্সক্ষায় গড়া তার ক্যারিয়ার। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের হৃদয় স্পর্শ করেছেন খুব কম খেলোয়াড়ই। রোনালদোর অর্জন, রেকর্ড ও ট্রফির বাইরেও তার অবদান অনেক বড়। পর্তুগালের জার্সিতে ফুটবলে যে অবদান রেখেছেন, তা চিরকাল ইতিহাসের অংশ হয়ে থাকবে।’
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার মন্তব্য করেছেন, ‘লেজেন্ড’। সাথে দিয়েছেন হাততালির ইমোজি। অল্প কথায় পর্তুগিজ মহাতারকার প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করেছেন তিনি। রোনালদোর অবসরে হতাশা প্রকাশ করেছেন পর্তুগালের কোচ হোর্হে জেসুস। জাতীয় দলে থেকে যাওয়ার জন্য রোনালদোকে অনুরোধ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে। জেসুস বলেন, ‘রোনালদো পর্তুগালের তরুণ প্রজন্মের কাছে একটি আদর্শ। জাতীয় দল, দেশের মানুষ ও পর্তুগিজ ফুটবলের ইতিহাসে তিনি সব সময়ই গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে থাকবেন। এমনকি পর্তুগিজ ফুটবল ফেডারেশনের অডিটোরিয়ামে বড় ছবি স্থাপন করা হবে রোনালদোর।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








