
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা নিয়ে একদল শিশু-কিশোরের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার বনানী নৌ বাহিনীর কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায়ের পরে শিশু-কিশোরদের সাথে প্রধানমন্ত্রী কথা বলেছেন বলে তথ্য দিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, শুক্রবার প্রধানমন্ত্রী নৌ বাহিনীর সদর দফতরে কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন। নামাজ আদায়ের পরে বাইরে কিছু শিশু-কিশোরদের সাথে কথা বলেছেন। তাদের খোঁজ-খবর নিয়েছেন। তিনি শিশু-কিশোরদের কাছে জানতে চেয়েছেন তারা কী খেলা পছন্দ করে, তারা খেলাধুলা করে কি না। তখন কেউ কেউ বলেছে, ফুটবল খেলা, কেউ কেউ বলেছে, ক্রিকেট খেলা। প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন তারা বাস্কেট বল খেলে কি না, টেবিল টেনিস খেলে কি না।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের বলেছেন, তাদের জন্য খেলার সামগ্রী দেয়ার ব্যবস্থা করবেন। পরে তিনি তাদের সাথে হ্যান্ডশেক করে ‘ওকে সবাই ভালো থেকো’ বলে বিদায় নেন।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে শিশুদের শিশু-কিশোরদের নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির র্যালি আজ
আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দিন বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ৭ নভেম্বর সারা বাংলাদেশে জেলা ও মহানগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি অনুষ্ঠিত হবে। ঢাকায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই র্যালির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যালিটি নয়া পল্টন থেকে কাকরাইলে প্রধান বিচারপতির বাস ভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে বাংলা মোটর, ফার্মগেইট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
রিজভী বলেন, র্যালির আগে সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রীসহ সিনিয়র নেতারা। ঢাকার কেন্দ্রীয় কর্মসূচির বাইরে বিভিন্ন অঙ্গসংগঠন আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ প্রভৃতি কর্মসূচি করবে বলে জানান রিজভী। কেন্দ্রীয় র্যালি সফল করতে বিএনপি মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গসংগঠনগুলোর কাজ করছে বলে জানান ভারপ্রাপ্ত মহাসসচিব।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








