
নিজস্ব প্রতিবেদক
মুসলিম শাসনের ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে নিজেদের ইতিহাস ও অস্তিত্ব সম্পর্কে সচেতনতা তৈরির বার্তা দিচ্ছে ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনাসামগ্রী। এসব প্রকাশনার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক গুরুত্ব, ভূরাজনীতি এবং সমাজ পুনর্গঠনের বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। গতকাল শুক্রবার বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সৃজনশীল ও আকর্ষণীয় নববর্ষ প্রকাশনাসামগ্রী ২০২৭-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ইসলামী ছাত্রশিবির একটি ঐতিহ্য বহন করছে। এই উপমহাদেশের ইতিহাসে মুসলিম জাতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে এ অঞ্চলে মুসলিম শাসনের সূচনা হয়। এরপর ধারাবাহিকভাবে প্রায় সাড়ে ৫০০ বছর মুসলিম শাসকরা এ অঞ্চল শাসন করেছেন। এ সময়ে মুসলমানরা এখানে বসবাস, বিবাহ, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে সমাজ গঠনে ভূমিকা রেখেছেন বলে তিনি দাবি করেন।
ছাত্রশিবির সভাপতি বলেন, স্বাধীনতার ইতিহাস নিয়ে নানা ধরনের বিতর্ক ও মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানুষের মধ্যে সন্দেহ-সংশয় এবং বিভক্তি তৈরি করা হয়েছে। এমন পরিস্থিতিতেও তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে ছাত্রশিবির কাজ করছে। তরুণদের নৈতিক জীবন গঠন ও ইসলামী মূল্যবোধ চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের কাছে গবেষণাধর্মী বই, সাময়িকী ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা পৌঁছে দেয়া হচ্ছে।
নতুন সমাজ বিনির্মাণের আহ্বান জানিয়ে ছাত্রশিবির সভাপতি বলেন, তারা এ অঞ্চলে নতুন একটি সমাজ বিপ্লবের আহ্বান জানাচ্ছেন। ‘নয়া আজাদির ডাক’ নিয়ে সমাজ পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছেন। এ কাজে সবার সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করেন তিনি।
মোড়ক উন্মোচনের পর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ কেন্দ্রীয় নেতারা প্রকাশনীর সব স্টল ঘুরে দেখেন। প্রকাশনা উৎসবে বড়, মাঝারি ও পকেট ডায়েরিসহ বিভিন্ন ধরনের ক্যালেন্ডার, ইয়ার প্লানার ও নোটবুক প্রদর্শন করে ইসলামী ছাত্রশিবির।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, দফতর সম্পাদক আজিজুর রহমান আজাদ, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, ডাকসুর ভিপি আবু সাদেক কায়েম। এ ছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফারহাদ, জবির ভিপি রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, জবির জিএস আবদুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








