স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার দিকে নজর না দিয়ে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত : জামায়াত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে গতকাল চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় স্বরাষ্ট্রমন্ত্রী ‘বিভ্রান্তিকর ও অসত্য বিষোদগার’ করেছেন অভিযোগ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গতকাল এক বিবৃতিতে বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন, রাহাজানি, সন্ত্রাস চরম আকার ধারণ করেছে। নতুন করে গুপ্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে চব্বিশের জুলাই বিপ্লবের পর এই বিএনপি সরকারের আমলে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সেসবের দিকে নজর না দিয়ে অসত্য বিষোদগারের মাধ্যমে বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত, যা তার নিজের ব্যর্থতাকে ঢাকার প্রচেষ্টা মাত্র। তিনি ইসলামী কোনো পরিবেশে গেলেই বড় ইসলামী ব্যক্তিত্ব হয়ে ওঠেন, যা ভেড়ার গোয়ালে তুলসী গাছের মতো। জামায়াতসহ ইসলামী দলগুলোকে নিয়ে বিষোদগার করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে এ ধরনের বক্তব্য বাদ দিয়ে নিজের দায়িত্বের দিকে নজর দেয়ার আহ্বান জানান এ জামায়াত নেতা।
তিনি আরো বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের বিপুল সমর্থন পেয়েছে। কল্যাণমুখী সংগঠন হিসেবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিগত ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে আসছে। দেশ ও জাতির কল্যাণে সরকারকে জবাবদিহির মধ্যে রাখার চেষ্টা করছে। আমি জামায়াতে ইসলামীকে জড়িয়ে তার দেয়া অসত্য বক্তব্য এবং বিষোদগারের নিন্দা ও প্রতিবাদ জানাই।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সব বিষয় স্পষ্ট ও প্রকাশ্য। জামায়াতের লক্ষ্য, উদ্দেশ্য কিংবা আকিদা নিয়ে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই। জামায়াতে ইসলামী প্রত্যেক মুসলিমকে ব্যক্তিগত জীবনে ইসলামের বিধিবিধান পরিপালনে উৎসাহিত করে। একই সাথে দেশের অন্যান্য ধর্ম ও মতের নাগরিকদের অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর এবং জনগণের আকাক্সক্ষাকে সম্মান ও শ্রদ্ধা করে। কোনো প্রকার বিষোদগারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, ইনশা আল্লাহ। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ।

Advertisement