মোংলা বন্দরের স্বার্থে মালিক-শ্রমিককে একসাথে কাজ করতে হবে : নৌপরিবহনমন্ত্রী
মোংলা বন্দরে গাছের চারা রোপণের পর দোয়া করেন নৌপরিবহনমন্ত্রীসহ অতিথিরা : নয়া দিগন্ত।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

Advertisement

 মোংলা বন্দরের উন্নয়ন, সমতা বৃদ্ধি ও জাতীয় অর্থনীতিতে এর অবদান আরো জোরদার করতে মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা ও ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক। দেশের ও মোংলা বন্দরের বৃহত্তর স্বার্থে ছোটখাটো মতপার্থক্য ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
গতকাল শুক্রবার সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সঙ্ঘের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে বন্দরের জেটিতে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নৌপরিবহন মন্ত্রী বলেন, শ্রমিকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শ্রমিক সংগঠন ও সিবিএকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি যোগ্য নেতৃত্ব গঠনে ভূমিকা রাখতে হবে। মোংলা বন্দরকে দক্ষিণাঞ্চলের অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের নেয়া উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম (মনা)। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শ্রমিক নেতৃবৃন্দ, আমদানি-রফতানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, শ্রমিকরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে সরকার কাজ করছে। নবনির্বাচিত কমিটি মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বন্দরের উন্নয়ন ও অগ্রগতিতে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।