
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ঐতিহ্যবাহী ওয়াক্ফ এস্টেটের মসজিদ, ঈদগাহ ও বিপুল পরিমাণ সম্পত্তি দখল, জাল দলিল তৈরি, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে বর্তমান ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ২৫ জনের বিরুদ্ধে আদালতে ফৌজদারি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। স্থানীয় বাসিন্দা মো: শাহজাহান গত ৫ নভেম্বর চট্টগ্রামের জেলা দায়রা জজ ও বিশেষ জজ আদালতে এ অভিযোগ দাখিল করেন। এতে ২০ থেকে ২৫ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, লোহাগাড়া সদর ইউনিয়নের সরকারপাড়া এলাকার আহমদুর রহমান ওয়াক্ফ এস্টেটের অধীন মসজিদ, ঈদগাহ ও অন্যান্য সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। ১৯৩১ সালের ২৫ সেপ্টেম্বর ১৪৪১ নম্বর দলিলের মাধ্যমে প্রায় ৬ কানি ৭ গণ্ডা ২ কড়া জমি মসজিদের জন্য ওয়াক্ফ করা হয়। পরবর্তী সময়ে আরো সম্পত্তি ওয়াক্ফ করা হয়।
অভিযোগকারীর দাবি, ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগসাজশে সম্পত্তি দখল, জাল দলিল তৈরি ও বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে। মসজিদের জায়গায় গরুর হাট বসানো, বিভিন্ন আয়োজন এবং বাজারের দোকান, পার্কিং, কবর ও দানবাক্স থেকে সংগৃহীত অর্থের হিসাব না রাখার অভিযোগও রয়েছে।
এ ছাড়া ওয়াক্ফ এস্টেটের অধীন প্রায় ৩০০ পরিবার থেকে মাসিক চাঁদা আদায় এবং সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে ইউএনও বায়েজিদ বিন আখন্দের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








