দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিল আম্বার আইটি

প্রযুক্তি ডেস্ক 
বর্তমানে দেশের ৬৪টি জেলায় নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামোর মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করছে আম্বার আইটি। উপজেলা পর্যায়ে সংযোগ সম্প্রসারণের এই উদ্যোগের মাধ্যমে জেলা শহরের বাইরে আরো বিস্তৃত জনগোষ্ঠীর কাছে মানসম্মত ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেয়ার সুযোগ তৈরি হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় নেটওয়ার্ক সম্প্রসারণের মধ্য দিয়ে এ মাইলফলক অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এর আগে সিলেটের গোলাপগঞ্জে ৩৯৯তম উপজেলায় সংযোগ পৌঁছে দেয় আম্বার আইটি। আগামী বছরের জুনের মধ্যে দেশের ৫০০টি উপজেলায় ইন্টারনেট সংযোগ সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘দেশের প্রতিটি অঞ্চলে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে দেশের ৪০০টি উপজেলায় আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পেরেছি। আগামী বছরের জুনের মধ্যে ৫০০টি উপজেলায় সংযোগ পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, শহর কিংবা প্রত্যন্ত অঞ্চল- সব জায়গার মানুষ যেন সমানভাবে আধুনিক ইন্টারনেট সেবার আওতায় আসেন।’

Advertisement