
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত ট্রিপল মার্ডার মামলায় ২৪ জন আসামির মধ্যে চার ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়া আরো সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
গতকাল দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান আলোচিত এ মামলার রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের জহির উদ্দিনের ছেলে জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও আলী মিয়ার ছেলে সিদ্দিক মিয়া। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামছুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মোহাম্মদ মরণ ও স্বপন। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ ছাড়া আসামি শামীম ও হাবু মিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম করাদণ্ড দেয়া হয়েছে।
অপর দিকে আসামি মজনু মিয়াকে এক বছর সশ্রম কারাদণ্ড, রাজিয়া খাতুন ও সুফিয়া খাতুনকে ছয় মাস এবং সাহেরা খাতুন ও খাতুনি বেগমকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
এ দিকে আসামি উজ্জ্বল মিয়া, অলি আহাদ, শুকুর জোলা ও রাজা জোলার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়।
সরকারি কৌঁসুলি (পিপি) আ ফ ম নূরতাজ আলম বাহার জানান, ২০১৬ সালে ২১ ফেব্রুয়ারি সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আজিজ মোল্লা, টেন্ডুল মোল্লা ও করিম মোল্লাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক আমিনুর রহমান ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ১০ বছর পর বিচারিক প্রক্রিয়া শেষে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আলোচিত এ হত্যা মামলায় উল্লিখিত রায় দেন।
আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) আ ফ ম নূরতাজ আলম বাহার। তবে আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান ও মেজবাউদ্দিন জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








