
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা (ফ্লাইট লেফটেন্যান্ট) কে এম তাহসিফ সাউরি হত্যা মামলার প্রধান আসামির তালিকায় থাকা তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে এ রিমান্ডের আদেশ প্রদান করেন।
তদন্তকারী সংস্থা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি আসামির নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ সুনির্দিষ্ট কারণ দর্শিয়ে সাত দিনের রিমান্ড চেয়েছিল। শুনানিকালে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে দাবি করেন, ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পেছনে তাহসিফ ভূমিকা রেখেছিলেন এবং এ হত্যাকাণ্ডের নেপথ্যে কোনো মাস্টারমাইন্ড, ভাড়াটে খুনি বা রাজনৈতিক কোন্দল রয়েছে কি না- তা উদ্ঘাটনে দীপকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা আবশ্যক।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ও গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিবন্দর কর্মকর্তা পরিদর্শক ফিরোজ উদ্দিন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ডের জন্য পাঁচ দফা লিখিত যুক্তিসহ আবেদন জানান।
তদন্ত কর্মকর্তা তার রিমান্ড আবেদনে প্রধান কারণ উল্লেখ করেন, পূর্বশত্রুতা, গোপন আর্থিক লেনদেন কিংবা রাজনৈতিক ও ব্যক্তিগত কোন্দলের জের ধরে তাহসিফ সাউরিকে হত্যা করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া। হত্যাকাণ্ডে ব্যবহৃত মূল হাতিয়ার বা আলামতসমূহ উদ্ধার ও জব্দ করা। তাহসিফ হত্যার নেপথ্যে অন্য কোনো মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড), সুবিধাভোগী রাজনৈতিক গোষ্ঠী, ভাড়াটে খুনি বা অন্য কোনো সাহায্যকারী জড়িত আছে কি না এবং তাদের সুনির্দিষ্ট পরিচয় ও অবস্থান চিহ্নিত করা। ঘটনার দিন ও রাতের বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং চাক্ষুষ সাক্ষীদের থেকে প্রাপ্ত তথ্যের সাথে আসামির অসঙ্গতিপূর্ণ জবানবন্দী মুখোমুখি জিজ্ঞাসাবাদের মাধ্যমে ক্রস-চেক করা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








