মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দুষলেন ভ্যান্স

সিবিএস নিউজ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি এবং কংগ্রেসের দুই কক্ষ হাতছাড়া হওয়ার পেছনে সরাসরি ইরান যুদ্ধকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। বুধবার এক্স-এ এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন, ‘আমাদের পরাজয়ের কারণ হলো এই যুদ্ধ। গত রাতে প্রেসিডেন্ট নিজেও এ কথা বলেছেন।’
আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোর চড়া মূল্য দিয়ে যুদ্ধ চালানো কতটা যুক্তিযুক্ত ছিল, তা নিয়ে দলকে খোলামেলা আত্মসমালোচনার আহ্বান জানান তিনি। ভ্যান্স উল্লেখ করেন, ২০২৪ সালে যারা ট্রাম্প ও তাকে ভোট দিয়েছিলেন, এবার তাদের অনেকেই মূলত চারটি কারণে ডেমোক্র্যাটদের বেছে নিয়েছেন :
১. ইরান যুদ্ধের অবসান, ২. মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ, ৩. ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দেয়া, ৪. ইসরাইলের সাথে যুক্তরাষ্ট্রের নীতি ও সম্পর্কে পরিবর্তন আনা।
ভোটার উপস্থিতি কম হওয়াকে পরাজয়ের কারণ মানতে নারাজ ভ্যান্স। ফ্লোরিডার উদাহরণ দিয়ে তিনি বলেন, উপস্থিতি মূল সমস্যা ছিল না; আসল সঙ্কট হলো ২০২৪ সালে যারা তাদের ভোট দিয়েছিলেন, এবার ক্ষোভে তারাই ডেমোক্র্যাটদের বেছে নিয়েছেন। একই সাথে প্রচারের শেষভাগে দলের অর্থনৈতিক বার্তা যথেষ্ট জোরালো ছিল না বলেও স্বীকার করেন তিনি।

Advertisement