সৌদির সাথে যুদ্ধ বন্ধে সোয়া ৬ লাখ কোটি টাকা দাবি হাউছিদের

ওয়াল স্ট্রিট জার্নাল 
ইয়েমেনের  হাউছি বিদ্রোহীরা সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার বা প্রায় ছয় লাখ ৩৫ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। একই সাথে ইয়েমেনের শাসক হিসেবে তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি চেয়েছে গোষ্ঠীটি। সৌদি আরবের সাথে চলমান যুদ্ধের অবসান ঘটাতে এসব শর্ত দিয়েছে তারা। 
লোহিত সাগরে সৌদির তেলবাহী ট্যাংকারে হামলা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালীর কাছে বিস্তীর্ণ এলাকা দখলের পর গোষ্ঠীটির সাথে আলোচনার উদ্যোগ নেয় রিয়াদ। সঙ্ঘাত বন্ধে সমঝোতায় পৌঁছাতে হলে কী ধরনের শর্ত প্রয়োজন, তা জানতে হাউছিদের সাথে যোগাযোগ করে সৌদি আরব। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সৌদি সরকার ও হাউছি সাড়া দেয়নি। 
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সৌদি আরবের কয়েক বছরের বিমান হামলা ও দীর্ঘ অবরোধের ক্ষতিপূরণ হিসেবে ৫১ বিলিয়ন ডলার দাবি করেছে হাউছিরা। পরে দাবির অঙ্কে কিছু পরিবর্তন এলেও তাদের বার্তা স্পষ্ট, সঙ্ঘাত থেকে বেরিয়ে আসতে হলে সৌদি আরবকে কয়েক হাজার কোটি ডলার দিতে হবে। 
হাউছিদের ইয়েমেনের শাসক হিসেবে স্বীকৃতি দিলে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে ইরানের অস্ত্রসজ্জায় সজ্জিত একটি প্রতিপক্ষকে মেনে নিতে হবে। গত গ্রীষ্মে সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দরে হাউছিদের হামলার মধ্য দিয়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে। একই সময়ে ইয়েমেনের বিভিন্ন কৌশলগত এলাকা দখলে স্থল অভিযান শুরু করে তারা। 
গত ২২ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হাউছিরা। এরপর থেকে সৌদির তেলবাহী ট্যাংকারে হামলার দাবিও করে আসছে তারা। বর্তমানে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দফতর এডেনের দিকে অগ্রসর হচ্ছে গোষ্ঠীটি। শহরটির প্রায় ৫০ মাইলের মধ্যে পৌঁছে গেছে তারা। ২০১৫ সালের পর এই প্রথম এডেনের এত কাছাকাছি অবস্থান নিয়েছে হাউছিরা বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সোমবার বার্তা সংস্থা রয়টার্সও একই দূরত্বের কথা জানিয়েছিল।

Advertisement