মৃত্যু
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকুর ইন্তেকাল। সংগৃহীত
ads

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেধাবী প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার মাতিয়া বানু শুকু (৫৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত প্রায় ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মাতিয়া বানু শুকুর স্বামী নুরুল আলম আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। শেষ মুহূর্তে আইসিইউ থেকে প্যালেটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু নির্মাতা নুরুল আলম আতিকের সহধর্মিণী। দেশের নাট্যাঙ্গন ও চলচ্চিত্রে সৃষ্টিশীল নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন তিনি।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’ ও ‘গোল্লাছুট’-এর মতো সমাদৃত টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।

তার মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি:

​চারুকলার বকুলতলা: সকাল ৯টায় তার লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নেয়া হবে। সেখানে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত রাখা হবে।

​কেন্দ্রীয় শহীদ মিনার: সকাল ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।

​জানাজা: শহীদ মিনার থেকে লাশ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেয়া হবে এবং সেখানে বাদ জুমা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

​দাফন: জানাজা শেষে দাফনের জন্য তাকে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে নেয়া হবে (প্রয়োজনে সেখানেও একটি জানাজা অনুষ্ঠিত হতে পারে)।