সেনবাগে নাদের-উজ-জামান মাদরাসার তাফসির মাহফিল
সেনবাগ নাদের-উজ-জামান আইডিয়াল মাদরাসার মাহফিলে অতিথিরা : নয়া দিগন্ত।

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

Advertisement

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নাদের-উজ-জামান আইডিয়াল হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি, দিগন্ত মিডিয়া করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আলহাজ আবদুল কাদেরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল উলূম ইসলামিয়া মাদরাসার মহাপরিচালক, প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা ইসমাঈল হোসেন সিরাজী।
বিশেষ আলোচক হিসেবে তাফসির পেশ করেন এনটিভি ও দেশ টিভির ধর্মীয় আলোচক এবং নোয়াখালীর হজরত ওমর (রা:) জামে মসজিদের খতিব হজরত মাওলানা কারি আবদুল মান্নান।
মাদরাসার প্রধান মুহতামিম হাফেজ নোমান ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আবদুল মালেক, মাদরাসার অন্যতম পরিচালক আবদুল বাতেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ।