সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ডেসকো ও পিএসসির সমঝোতা স্মারক স্বাক্ষর


ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করতে যাচ্ছে। সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ পূরণের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।
বৃহস্পতিবার সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) ও পিএসসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এতে পিএসসি সচিবালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপসচিব (প্রশাসন) মো: ওয়াসিমুল বারী এবং ডেসকোর পক্ষে কোম্পানি সচিব প্রকৌশলী এস এম শাহ সুলতান।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম আহমেদ এনডিসি পিএসসি বলেন, আগামী গ্রিষ্মে বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে জাতীয় গ্রিডে ৩০০০-৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যে সরকার বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ হতে সম্প্রতি সব সরকারি দফতরে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে কমিশন ভবনের ছাদে ১৪ হাজার ২৮৪ বর্গফুট জায়গায় সৌর প্যানেল স্থাপন করে ১০ হাজার ৮০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।’
পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বলেন, ‘সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে কমিশন ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে। এতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমবে। বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এ উদ্যোগ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে পিএসসির সচিব মো: ফজলুর রহমান, একাধিক সদস্য, যুগ্মসচিব, উপসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ডেসকোর নির্বাহী পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement