বসুন্ধরায় শুরু হয়েছে ৩ দিনের আন্তর্জাতিক কৃষি প্রযুক্তিমেলা


রাজধানীর ভাটারায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে তিন দিনের ১৪তম ‘আন্তর্জাতিক কৃষি প্রযুক্তিমেলা-২০২৬’। চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতকাল সকালে এ মেলা উদ্বোধন করেন।
পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এতে ১২টি দেশের ২৫০টি প্রতিষ্ঠানের তৈরি আধুনিক কৃষি প্রযুক্তি, যন্ত্রপাতি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ ব্যবস্থার প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম কৃষির আধুনিকায়ন ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উৎপাদন খরচ কমানো এবং কৃষকের জীবনমান উন্নয়নের ওপর জোর দেন। তিনি জানান, সরকার কৃষকদের মেধার মূল্যায়ন এবং গবেষকদের সুযোগ-সুবিধা ও সম্মান বাড়াতে কাজ করছে। ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সেচ দিয়ে ইতোমধ্যে ৪০ ভাগ পানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। পাশাপাশি অতিরিক্ত সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারের দিকে নজর দিতে হবে।
অনুষ্ঠানে আরডিএর মহাপরিচালক আবদুল মজিদ প্রমাণিক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন। তারা গবেষণার উদ্ভাবনগুলো মাঠপর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেয়া এবং টেকসই কৃষি উন্নয়নে এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন। বিজ্ঞপ্তি।

Advertisement