জলবায়ু পরিবর্তনে পরিবেশবান্ধব স্থাপত্যের তাগিদ

শাবিপ্রবি প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী ‘চতুর্থ আন্তর্জাতিক গ্রিন আর্কিটেকচার কনফারেন্স (আইসিজিআরএ ২০২৬)’ শেষ হচ্ছে আজ। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘অপ্টিমাইজড ডিজাইন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবল হ্যাবিটেশনস’ (ডিইএসএইচ) প্রতিপাদ্যে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
শাবিপ্রবির স্থাপত্য বিভাগ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের ঝুঁকি মোকাবেলায় ঐতিহ্যবাহী নির্মাণশৈলীর সাথে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পরিবেশবান্ধব স্থাপত্য গড়ে তুলতে হবে। সবুজ স্থাপত্য কেবল অভিজাতদের জন্য নয় এটি সবার জন্য সাশ্রয়ী, অন্তর্ভুক্তিমূলক এবং সংস্কৃতিবান্ধব হওয়া জরুরি। নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও শক্তি সাশ্রয়ের মাধ্যমেই টেকসই পৃথিবী গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম ও অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স চেয়ার ও বুয়েটের অধ্যাপক ড. মো: আশিকুর রহমান জোয়ার্দার, ধন্যবাদ জানান শাবিপ্রবির স্থাপত্য বিভাগের প্রধান ও কনফারেন্স কো-চেয়ার স্থপতি ইফতেখার রহমান। 
দুই দিনের এ সম্মেলনে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক কি নোট স্পিকার ও বিশেষজ্ঞরা জলবায়ু নগরায়ন এবং টেকসই বসতি গড়ার ওপর তাদের গবেষণা প্রবন্ধ ও মতামত তুলে ধরবেন। বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এ ধরনের গবেষণার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Advertisement