
বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমুদ্র এবং উপকূলীয় অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠায় রয়েছে নিবেদিত। দক্ষতা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর রাতে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্য কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তারা কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্ট (কিউসিবিএসডি)-এ তিন বছর মেয়াদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে নির্ধারিত দায়িত্ব পালন করবে। এর আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল গোলাম সাদেক কাতারে নিয়োজিতব্য নৌসদস্যদের উদ্দেশে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ নৌবাহিনী ২০১২ সাল থেকে কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে দায়িত্ব পালনের জন্য নিয়মিতভাবে নৌসদস্য প্রেরণ করে আসছে। নিয়োজিত নৌসদস্যরা তাদের দক্ষতা, পেশাদারিত্ব, কর্মনিষ্ঠা ও দায়িত্ব পালনে সুনামের মাধ্যমে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় নতুন করে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আজ কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। আইএসপিআর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








