কাভার্ডভ্যান ও ট্রাকের তাণ্ডবে রাজধানীতে ৪ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক 

Advertisement

রাজধানীর রাজপথে কাভার্ডভ্যান ও ট্রাকের বেপরোয়া চলাচলের বলি হয়ে একই দিনে ঝরে গেল চার তাজা প্রাণ। গতকাল বৃহস্পতিবার পৃথক দু’টি মর্মান্তিক দুর্ঘটনায় বিমানবন্দর সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী এবং কদমতলীর পোস্তগোলায় বেপরোয়া ট্রাকের চাপায় দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলো জব্দ করলেও ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হয়। 
বিমানবন্দর সড়কে ত্রিমুখী সংঘর্ষ : বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর বিমানবন্দর সড়কের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাঙ্গাড়ি দোকান কর্মচারী নিহত হন। নিহতরা হলেন- পোস্তগোলার ভাঙ্গাড়ি দোকানের কর্মচারী ফালু (৫৫) এবং একই এলাকার ‘মিতু এন্টারপ্রাইজ’ নামের অন্য একটি ভাঙ্গাড়ি দোকানের কর্মচারী আরিফুর রহমান (৪০)। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক এবং পরিবার নিয়ে ডেমরা কোনাপাড়া এলাকায় বসবাস করতেন। নিহত ফালু পুরান ঢাকার পোস্তগোলায় কাজ করতেন। 
মিতু এন্টারপ্রাইজের মালিক ফজলে রাব্বি জানান, সকালে আরিফুর ও ফালু মোটরসাইকেলে চড়ে গাজীপুরের টঙ্গীর উদ্দেশে রওনা দিয়েছিলেন পুরনো মালামাল (ভাঙ্গাড়ি) কেনার জন্য। কিন্তু পথিমধ্যেই বিমানবন্দর সড়কে তাদের ঘাতক কাভার্ডভ্যান কেড়ে নেয় প্রাণ। গুরুতর আহত মুমূর্ষু দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 
বিমানবন্দর থানার এসআই মানিক মাহমুদ জানান, জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘাতক কাভার্ডভ্যান ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কাভার্ডভ্যানের চালকও দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন এবং তার বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 
পোস্তগোলায় ফুটপাথে উঠে গেল ট্রাক : গতকাল ভোরে কদমতলীর পোস্তগোলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেপরোয়া ট্রাক ফুটপাথে উঠে গেলে দুই অটোরিকশাচালক নিহত হয়। নিহত হলেন মো: জাকির হোসেন ও মো: জাহাঙ্গীর পোদ্দার। কদমতলী থানা পুলিশ ও নিহতের সহকর্মীরা জানান, ভোর ৩টার দিকে পোস্তগোলা মোড়ে অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন জাকির, জাহাঙ্গীরসহ অন্য চালকরা। এ সময় একটি দ্রুতগতির ঘাতক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি অটোরিকশাকে সজোরে চাপা দিয়ে সোজা ফুটপাথে উঠে যায়। এতে চাপা পড়ে তিন অটোরিকশাচালক মারাত্মকভাবে আহত হন। 
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। অন্য এক আহত চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জামাল হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক ও জব্দ করতে সক্ষম হলেও এর চালক কৌশলে পালিয়ে গেছে। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। পলাতক ট্রাকচালককে শনাক্ত ও আটকের চেষ্টা চালানো হচ্ছে।