নরসিংদীতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে গুলি
নরসিংদীতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে গুলি।

নরসিংদী প্রতিনিধি

Advertisement

নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে এক ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নবী হোসেন উত্তর কারারচর গ্রামের ফজর রহমানের ছেলে। তিনি পণ্য পরিবহনের ব্যবসা করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে বুধবার সন্ধ্যায় সন্ত্রাসী সানিসহ ছয়/সাতজনের এক দল সশস্ত্র সন্ত্রাসী ট্রান্সপোর্ট ব্যবসায়ী নবী হোসেনের বাড়ি গিয়ে তার ছোট ভাই মনির হোসেনকে খুঁজতে থাকে। এ সময় মনিরকে খুঁজে না পেয়ে সন্ত্রাসীরা নবী হোসেনের ওপর চড়াও হয় এবং একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে। এ সময় তাকে বাঁচাতে এলে নবী হোসেনর স্ত্রী তাছলিমা বেগম ও মেয়ে সোহাগি আক্তারও আহত হয়। আশেপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসে। নবী হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠানো হয়। 
নবী হোসেনের স্ত্রী সোহাগি আক্তার জানান, সানি, নয়ন রব্বির নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করতে করতে বাড়ির ভেতর প্রবেশ করে আমার দেবর মনিরকে  খোঁজতে থাকে। তাকে না পেয়ে আমার স্বামীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। আমার স্বামী চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমার স্বামীকে চাপাতি দিয়ে কুপিয়ে ও পেটে গুলি করে গুরুতর আহত করে। এ সময় আমি ও আমার মেয়ে দৌড়ে গেলে তারা আমাদের ওপরও হামলা করে। পরে আশপাশের লোকজন আসতে থাকলে তারা হুমকি দিয়ে চলে যায়।