আন্দোলন-সংগ্রামে ফটোসাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রকাশিত ম্যাগাজিন তুলে দেন সদস্যরা : নয়া দিগন্ত।


তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিপিজেএর সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সহসভাপতি মশিউর রহমান সুমন ও জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন বাদল, কোষাধ্যক্ষ নাসির শিকদার, দফতর সম্পাদক ফরিদ উদ্দীন, প্রচার সম্পাদক মো: সৌরভ, সাংস্কৃতিক সম্পাদক খোকন শিকদার, নির্বাহী সদস্য শফিকুল আলমসহ সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক নুরুউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক ইতিহাস গঠনে ফটোসাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ফটোসাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। অথচ বিভিন্ন ক্ষেত্রে তারা নানা ধরনের বঞ্চনার শিকার হন।
ফটোসাংবাদিকদের সংগঠনকে কিভাবে সহযোগিতা করা যায়, সরকারের সক্ষমতার মধ্যে থেকে সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
বিপিজেএর প্রধান কার্যালয়ের স্থায়ী বন্দোবস্তের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন জমা দিলে তিনি নিজে বিষয়টি দেখবেন। বর্তমান জায়গায় ব্যবস্থা করা সম্ভব না হলে বিকল্প জায়গার বিষয়টিও খতিয়ে দেখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন এবং প্রয়োজনে মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করবেন বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের পক্ষে যারা কাজ করেছেন এবং জুলাই যোদ্ধাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের বিভিন্ন জায়গায় সুযোগ দেয়ার বিষয়টি তিনি গুরুত্ব দেন। এ জন্য সংশ্লিষ্টদের একটি তালিকা দেয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সরকার ধারাবাহিকভাবে মতবিনিময় করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর অংশ হিসেবে ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হচ্ছে। এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে।
তিনি বলেন, সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া শোনা এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা করতেই তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি ও সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের কিভাবে সহযোগিতা করা যায়, গণতন্ত্র ও ভোটের অধিকার কিভাবে সমুন্নত রাখা যায় এবং দেশের উন্নয়নে সাংবাদিকরা কিভাবে ভূমিকা রাখতে পারেন, সেসব বিষয় আলোচনায় গুরুত্ব পেয়েছে।
সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সরকার কী কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে একটি পরিকল্পনা নেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। একই সাথে দেশের উন্নয়নে সাংবাদিকদের সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।
সভায় বিপিজেএ সভাপতি এ কে এম মহসীন ফটোসাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন। তিনি সরকারি বিভিন্ন দফতরে ফটোসাংবাদিক নিয়োগ, জুলাই আন্দোলনে ফটোসাংবাদিকদের ভূমিকার স্বীকৃতি এবং বিভিন্ন দফতরে এখনো অবস্থান করা ফ্যাসিস্টদের চিহ্নিত করার দাবি জানান।
এ ছাড়া ফটোসাংবাদিকদের জন্য একটি ফটো ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং সংগঠনের প্রধান কার্যালয়ের স্থায়ী বন্দোবস্তের দাবি জানান তিনি। বিজ্ঞপ্তি।

Advertisement