আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : নাহিদ ইসলাম
দিনাজপুর শিল্পকলা একাডেমিতে প্রেস ব্রিফিং করেন নাহিদ ইসলাম : নয়া দিগন্ত।

দিনাজপুর প্রতিনিধি

Advertisement

বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং দেশের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং জ্বালানি মন্ত্রীর দ্রুত পদত্যাগ দাবি করেন তিনি।
বৃহস্পতিবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের সামনে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি সারা দেশে দমন-পীড়ন চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। একই সাথে দলটি স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণেও চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও নিত্যপণ্যের লাগামহীন দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমে বেড়েই চলেছে। বাজারব্যবস্থা বিএনপির নিয়ন্ত্রণে নেই।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের সাথে বিগত সরকারের তুলনা টেনে এনসিপি সভাপতি বলেন, বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনের পর তার একটিও রাখেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের মতোই বিএনপি আন্দোলনরত শ্রমিকের জানাজাও পর্যন্ত করতে দেয়নি। উল্টো বাড়ি বাড়ি গিয়ে পুলিশ শ্রমিকদের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে।
তিনি চলমান শ্রমিক আন্দোলনের সব ন্যায্য দাবির প্রতি এনসিপির পূর্ণ একাত্মতা প্রকাশ করেন এবং ঘোষণা দেন, জনগণের অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে এনসিপি রাজপথে সোচ্চার থাকবে।
এর আগে, দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ‘সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সমন্বয় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, ডক্টর আতিক মুজাহিদ এমপিসহ দিনাজপুর জেলা এনসিপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

 

Advertisement