
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেটে শুরু হয়েছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। দীর্ঘদিন ধরে সিলেটের ক্রীড়াঙ্গনে স্থবিরতা বিরাজ করছে। এ অবস্থা থেকে উত্তরণে নিয়মিত ফুটবল, ভলিবল ও বাস্কেটবলসহ বিভিন্ন খেলার লিগ (টুর্নামেন্ট) চালু করতে হবে। এক্ষেত্রে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সরকার ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে এ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘সিলেটকে মাদকাসক্তি ও অনলাইন জুয়ার অভিশাপ থেকে মুক্ত করতে তরুণদের খেলাধুলামুখী করতে হবে। এজন্য ক্রীড়াঙ্গনকে সক্রিয় করা জরুরি।’
সিলেটে দ্রুত ফুটবল, ভলিবল ও বাস্কেটবল লিগ (টুর্নামেন্ট) চালুর জন্য তিনি সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত থাকায় এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান বক্তার বক্তব্যে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন সিলেটের একজন কৃতী সন্তান। তার জীবন, কর্ম ও গুণাবলি থেকে নতুন প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। তার স্মৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, দেশের স্বার্থে ও সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি। একইসাথে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের আদর্শ ও গুণাবলি থেকে শিক্ষা নিয়ে তা দৈনন্দিন জীবনে চর্চার আহ্বান জানান।
উদ্বোধকের বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আগামী পাঁচ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার কাজ করছে। শুধু অলিম্পিক, এশিয়ান গেমস কিংবা কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ নয়; এসব প্রতিযোগিতায় পদক অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। এজন্য তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি, প্রশিক্ষণ ও নিয়মিত প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করা প্রয়োজন।’
তিনি বলেন, ‘আগামী জানুয়ারি থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার জন্য বছরব্যাপী ক্রীড়া কার্যক্রমের ক্যালেন্ডার দেয়া হবে। এতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলার সময়সূচি নির্ধারণ করা থাকবে। এর মাধ্যমে সারাবছর মাঠে খেলাধুলা সচল রাখা এবং খেলাধুলার মধ্য দিয়ে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।’ এ সময় তিনি সিলেটের জেলা ক্রীড়া সংস্থাকে আরো সুসংগঠিত ও কার্যকর করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের ভূমিকা রাখার আহ্বান জানান।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক ও অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক (ডিসি) আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী যাবের সাদেক, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচনসহ মহানগর ও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা।
পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









