
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও এটিকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু সরকারই জুলাইসনদ বাস্তবায়ন না করে জাতীয় ঐক্যের সামনে সবচেয়ে বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছে।’
ক্ষমতাসীন বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গণভোটের রায়কে উপেক্ষা করে আপনারা জনগণের অধিকার ক্ষুণ্ন করছেন। প্রায় ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায়কে ৫০ শতাংশ সংসদীয় আসনের জোর দেখিয়ে প্রত্যাখ্যান করা যায় না। আপনারা জাতীয় ঐক্য চাইলে ৭০ ভাগ ভোটের গণরায়কে মেনে নিন। গণভোটের রায় মেনে নিলে জনগণই ইস্পাতকঠিন ঐক্য নিয়ে ফ্যাসিস্টকে মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে যাবে। গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিকজনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।’
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলরের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের নেতৃত্ব ও নির্বাচন
সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ।
সম্মেলনে কাউন্সিলরদের অংশগ্রহণে নির্বাচন পরিচালনা করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, সহ-সভাপতি হারুনুর রশিদ খান, মজিবুর রহমান ভূঁইয়া ও মুহাম্মদ ইসহাক। এতে ২০২৭-২০২৮ সেশনের জন্য চট্টগ্রাম মহানগরী সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন এস এম লুৎফর রহমান। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী।
আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম ও ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় সম্মেলনে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও গীতিকার সাইফুল্লাহ মানসুর।
শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে বিশিষ্ট লেখক ও অনুবাদক আলী আহমাদ মাবরুর।
অন্যান্য অতিথি ও বক্তব্য
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুরুল হোসাইন ও রাজনীতিবিদ শফিউল আলম প্রমুখ।
সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লিয়াকত আক্তার সিদ্দিকী, মাওলানা মমতাজুর রহমান ও জুলাই ঐক্যের নেতা আবরার হাসান রিয়াদ প্রমুখ।
চট্টগ্রাম বন্দর নিয়ে সতর্কবার্তা
ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মিয়া গোলাম পরওয়ার চট্টগ্রাম বন্দর ইস্যুতে বলেন, ‘সরকারকে বলব, দেশের সকল সম্পদ দেশীয়ভাবে পরিচালনা করার সক্ষমতা অর্জন করুন। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। এমনকি দুঃখজনকভাবে সরকারের দায়িত্বশীল পদে থাকা কোনো কোনো ব্যক্তি এসব ষড়যন্ত্রে জড়িত। চট্টগ্রাম বন্দরকে দেশের স্বার্থ বিকিয়ে বিদেশী প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে জনগণ আপনাদের ‘আধিপত্যবাদী শক্তির দালাল’ আখ্যা দেবে। অবিলম্বে দেশের সকল সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









