
রংপুর ব্যুরো
লুটেরা ও বড়লোকদের সাথে আঁতাত থাকার কারণে সরকার বিভিন্ন কার্ড কর্মসূচি চালু করলেও দেশের সবচেয়ে নিঃস্ব ভূমিহীনদের জন্য কোনো কার্ডের উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। গতকাল মঙ্গলবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ভবিষ্যতে অর্থ পাচারকারী ও চোরদের বাঁচাতে অর্থনৈতিক ও দুর্নীতিবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করছে না সরকার।
হাসনাত কাইয়ুম বলেন, বছরের পর বছর রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে জনগণের ট্যাক্সের টাকায় এমন সব আইন প্রণয়ন করে যা সাধারণ মানুষের পক্ষে আসে না। ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে শুরু করে বিভিন্ন শাসনের শোষণে নিষ্পেষিত ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের সার্বিক সহায়তায় সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই।
লুটপাটকারীদের বিচারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সালমান এফ রহমান, বেনজীর ও এস আলমের মতো হাজার হাজার কোটি টাকা পাচারকারীদের বিরুদ্ধে বিশেষ কোনো অর্থনৈতিক বা দুর্নীতিবিরোধী আদালত গঠন না করে খুনের মামলায় বিচার চালানো হচ্ছে। এর পেছনে একটা শ্রেণিগত আঁতাত কাজ করছে। কারণ খুনের দুর্বল মামলার সুযোগ নিয়ে ভবিষ্যতে আসামিরা খালাস পেয়ে যাবে। সরকার যদি লুটেরাদের বিরুদ্ধে পৃথক আইনি ব্যবস্থা নিত, তবে অর্থ পাচারকারীরা কোনোভাবেই ছাড় পেত না।
তিনি আরো বলেন, অহিংস গণ-অভ্যুত্থান আন্দোলন দীর্ঘদিন ধরে বিদেশে পাচার করা টাকা ফেরত এনে সাধারণ মানুষের সন্তানদের বিনা পুঁজিতে ও বিনা সুদে ঋণ দেয়ার আইন প্রণয়নের লড়াই চালিয়ে আসছে। সরকার সে পথে না হেঁটে উল্টো চুরির সুবিধা বজায় রাখতে বাজেট ও আইন প্রণয়ন করছে বলে অভিযোগ তোলেন তিনি।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের রংপুর বিভাগীয় সভাপতি কনক রহমানের সভাপতিত্বে এবং উপদেষ্টা অ্যাডভোকেট রায়হান কবিরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহসভাপতি কামরুজ্জামান টিপু, উপদেষ্টা আমিন উদ্দিন বিএসসি, লালমনিরহাট আহ্বায়ক আব্দুল হামিদ ও কুড়িগ্রাম জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম জুয়েল। সমাবেশে খরতাপ উপেক্ষা করে হাজার হাজার ভূমিহীন মানুষ অংশ নেন, যাদের মধ্যে ৭০ শতাংশই ছিলেন নারী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং ভূমিহীনদের পক্ষে জেলা প্রশাসকের কাছে ১৪ দফা দাবির একটি স্মারকলিপি দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








