
গাজীপুর মহানগর প্রতিনিধি
পোশাক শিল্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উৎপাদনে গতি আনা এবং সাধারণ শ্রমিকদের ওপর দমন-পীড়ন ও হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ৩৫টি সংগঠনের প্ল্যাটফর্ম ‘শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ’। মঙ্গলবার গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থেকে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আবেদন জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যৌথ আহ্বায়ক ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি মো: শফিউল আলম। বক্তব্যে নেতারা সরকার কর্তৃক গঠিত নতুন মজুরি বোর্ডকে আন্দোলনের সাফল্য উল্লেখ করে ধন্যবাদ জানান এবং বোর্ডের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করেন।
সাম্প্রতিক পোশাক খাতের অস্থিরতা নিয়ে নেতারা জানান, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনকালে কারখানায় ভাঙচুর, জ্বালাও-পোড়াও এবং গেটে হামলা চালানো ব্যক্তিরা সাধারণ শ্রমিক নয়; তারা মূলত বহিরাগত দুষ্কৃতকারী। শিল্প ও জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়- এমন ধ্বংসাত্মক কাজ পরিহার করে কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সব শ্রমিককে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান তারা।
একই সাথে বর্তমান বাজারদর এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে একটি বস্তুসংশ্লিষ্ট ও যৌক্তিক মজুরি কাঠামো নির্ধারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। শিল্প রক্ষা ও কর্ম পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, নির্দোষ শ্রমিকের ওপর গ্রেফতার, মামলা বা দমন-পীড়ন না চালিয়ে মানবিক আচরণ করতে হবে। সঙ্ঘাতের পথ পরিহার করে শ্রমিকদের ফুল দিয়ে ভালোবাসা ও সম্মানের সাথে কর্মস্থলে ফিরিয়ে আনার পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে পোশাক শিল্প শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ, জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের রোকেয়া পারভীন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মো: আজিজুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ঐক্য পরিষদের মিজানুর রহমান সিকদার, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মো: আমজাদ হোসেন, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের মো: খোকন মিয়া, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের মো: মনিরুল ইসলাম, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মো: আবুল হোসেন জুয়েল এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের মো: আনোয়ার হোসেনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








