
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে যুক্তিতর্ক উপস্থাপনের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এদিন রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম। শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল, সাবেক চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম এবং গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।
অন্যদিকে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কেরানীগঞ্জ কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম চলছে।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষ তাদের বক্তব্য ও যুক্তি তুলে ধরবে। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হলে মামলার রায় ঘোষণার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে মামলাটি এখন বিচারপ্রক্রিয়ার শেষ পর্যায়ে পৌঁছেছে।
এর আগে, রোববার (২২ নভেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সাক্ষ্যগ্রহণ এবং জেরা শেষ হওয়ার পর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
ওই দিন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানিয়েছিলেন, ২৪ নভেম্বর থেকে মামলার যুক্তিতর্ক শুরু হবে। সে অনুযায়ী মঙ্গলবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। গত ১৯ নভেম্বর মামলার ১৫তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপনের পর্ব শেষ হয়।
এরপর গত রোববার আসামিপক্ষে সাফাই সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র ও একটি পেনড্রাইভে সংরক্ষিত ভিডিও উপস্থাপন করেন। পরে তাকে জেরা করেন চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম।
জেরায় তাসলিমা জাহান পপি জানান, ‘দাখিল করা নথিপত্রের সত্যতা তিনি ব্যক্তিগতভাবে যাচাই করেননি। পেনড্রাইভে থাকা ভিডিওগুলোও তিনি নিজে দেখেননি। আসামিপক্ষের আর কোনো সাফাই সাক্ষী না থাকার কথা জানানো হলে ট্রাইব্যুনাল যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।
তিন অভিযোগে শতাধিক ব্যক্তিকে হত্যা
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে সংঘটিত তিনটি পৃথক ঘটনায় শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সাথে জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা রয়েছে।
প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যার ঘটনায় তার সরাসরি উপস্থিতি ও সংশ্লিষ্টতা ছিল।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায় বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ প্রায় ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগে একই সময়ে বলেশ্বর নদী, বাগেরহাটের শরণখোলা ও সুন্দরবন-সংলগ্ন বিভিন্ন এলাকায় বনদস্যু দমনের অভিযানের আড়ালে মাসুদসহ প্রায় ৫০ জনকে হত্যার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বিচারিক কার্যক্রম শেষে ট্রাইব্যুনালের রায়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
যেভাবে শুরু হয় বিচার
গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ১৪ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। এরপর পর্যায়ক্রমে রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
মামলার সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল গত ১ অক্টোবর। দীর্ঘ জবানবন্দি ও আসামিপক্ষের জেরা শেষে গত ১৯ নভেম্বর তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিক পর্ব শেষ হয়।
কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা
জিয়াউল আহসান এ মামলার একমাত্র আসামি। তিনি সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ আগস্ট তাকে গ্রেফতার করে পুলিশ। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। নিরাপত্তাজনিত কারণে সাম্প্রতিক সময়ে তিনি কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









