এলপিজির দাম বৃদ্ধি নতুন সঙ্কট তৈরি করবে-মিয়া গোলাম পরওয়ার


১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে এলপিজি গ্যাসের দাম এভাবে হুট করে বাড়ানো দেশের সাধারণ ও নি¤œ-মধ্যবিত্ত মানুষের জীবনে নতুন সঙ্কট ও চরম দুর্ভোগ সৃষ্টি করবে।
গতকাল প্রদত্ত এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চড়া মূল্যে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর মধ্যে মাত্র এক মাসের ব্যবধানে এলপিজি সিলিন্ডার প্রতি ২২৩ টাকা বৃদ্ধি মানুষের পারিবারিক ব্যয় আরো বাড়িয়ে দেবে। বিশেষ করে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই বাড়তি খরচ বহন করা কঠিন হয়ে পড়বে।
বিবৃতিতে তিনি এলপিজি খাতের বাজার তদারকি ও তদারকির অভাব নিয়ে প্রশ্ন তুলে বলেন, “শুধু দাম বাড়িয়েই দায়িত্ব শেষ করলে চলবে না। বাজারে দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। খোদ রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে।” আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত মূল্যের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
জ্বালানি খাতের অব্যবস্থাপনার সমালোচনা করে গোলাম পরওয়ার আরো বলেন, সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনার দায় সাধারণ জনগণের ওপর চাপানো যাবে না। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনা না করে বারবার জ্বালানির দাম বৃদ্ধি দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।
বিবৃতিতে তিনি অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। একইসাথে বাজারে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফাখোজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার মনিটরিং চালুর জোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

Advertisement