
কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আহত যাত্রী তানিয়া সুলতানা (২২) মারা গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, ওই দুর্ঘটনায় তানিয়া সুলতানার স্বামী ও ছয় মাসের শিশুসন্তান নিহত হয়। এ নিয়ে ওই ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।
এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে ওইদিনেই শিশুসহ চারজন নিহত হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন— দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (২৮), তার বোন কাশিফা জান্নাত রায়হান (২০), শিশু সাহিল (৩) ও পাঁচ মাস বয়সী আরেক শিশু মাশরুফা।
চিকিৎসাধীন ছিলেন রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা (২২), কাশিফার স্বামী সাকিল ও তার সাত মাস বয়সী শিশুসন্তান ও সিএনজিচালক জয়নাল আবেদীন। এর মধ্যে আজ তানিয়া সুলতানার মৃত্যু হলো। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের স্বজনরা জানান, ওইদিন জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ট্রেন আসার শব্দ পেয়েও চালক সিএনজি না থামিয়ে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। পরে ঢাকা-কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। গুরুতর আহত হন আরো কয়েকজন।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, শুক্রবার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দু’জন মারা গিয়েছিল। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরো দু’জনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আজ সোমবার আরো একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









