
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি এবং চোরাই ভ্যানসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হারিয়ে যাওয়া ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত রোববার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মান্দা উপজেলার আরিফ হোসেন (৩০), মহাদেবপুর উপজেলার মোশাররফ (৩৩) এবং বদলগাছী উপজেলার শিলং (২৩) ও আরাফাত (২৩)। ভ্যান চুরির ঘটনায় গ্রেফতার দু’জন হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মো: সালাম (৪৮) ও তার ছেলে মো: নয়ন।পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মান্দার রঘুনাথপুর গ্রামে আরিফের বাড়িতে অভিযান চালিয়ে একটি স্টিলের ট্রাংক থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থেকে মোশাররফকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। এরপর মোশাররফের দেয়া তথ্য অনুযায়ী বদলগাছী থেকে শিলং ও আরাফাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ভ্যান চুরির ঘটনায় পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর বাহাদুর নামে এক ব্যক্তি অভিযোগ করেন, মধু কেনার কথা বলে তার ভ্যান ভাড়া নিয়ে চালককে কৌশলে সরিয়ে সেটি নিয়ে পালিয়ে যায় একটি চক্র। এ ঘটনায় মামলা হলে ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তায় নাটোর থেকে চোরাই ভ্যানসহ সালাম ও তার ছেলেকে গ্রেফতার করে।
পুলিশ সুপার আরো জানান, গত এক মাসে বিশেষ অভিযানে ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ৫১৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও ডিবির ওসি হাসিবুল্লাহ হাবিবসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








