
রয়টার্স
কৃষ্ণসাগরের তীরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তুরস্ক। এ প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে দেশটি। সবকিছু বিবেচনায় নিয়ে সম্ভাব্য অংশীদার হিসেবে দক্ষিণ কোরিয়াকে যুক্ত করার কথা ভাবছে আঙ্কারা। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।
তিনি বলেন, তুরস্কের সিনপ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কারিগরি ও অর্থনৈতিক দিক নিয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশনের (কেইপকো) সাথে আলোচনা চলছে।
এরদোগান জানান, প্রকল্পের অংশীদার নির্বাচনের আগে অর্থায়নের ব্যবস্থা, বিদ্যুতের উৎপাদন খরচ এবং তুরস্কের অর্থনীতিতে এর সম্ভাব্য সুফল বিবেচনা করা হবে। এসব বিষয় পর্যালোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আঙ্কারা।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছেন এরদোগান। ২০১৮ সালের পর এটিই তার প্রথম দক্ষিণ কোরিয়া সফর। সফরে আজ মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সাথে শীর্ষ বৈঠক করবেন তিনি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকারে এরদোগান দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি, তুরস্কে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানো এবং যৌথভাবে পণ্য উৎপাদনের আহ্বান জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








