সংক্ষিপ্ত সংবাদ


চৌগাছায় পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা

Advertisement

যশোরের চৌগাছায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় শান্তা আক্তার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সকালে উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকুণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শান্তা আক্তার কালিয়াকুণ্ডি গ্রামের কাজী শাহজাহান আলীর মেয়ে ও গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের ছাত্রী। জানা যায়, এ বছর সে গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। শনিবার এইচএসসি ও সমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে সে অকৃতকার্য হওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন। এ ঘটনায় সে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।তার ভাই শুভ রহমান জানান, ঘটনার দিন সকালে ঘরের দরজা না খোলায় দরজা খুলে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা শান্তকে উদ্ধার করেন। চৌগাছা (যশোর) সংবাদদাতা

রূপগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ 

পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের কাঞ্চনগামী পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার, ট্রাক জব্দ ও দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত শনিবার রাতে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে ধাওয়া করে পার্শ্ববর্তী বুরুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলেন- রাজশাহী জেলার বাঘা থানার শিমুল মিয়া (৩২) ও ইয়ামিন আলী (৩৫)। পুলিশ জানায়, গত ৩১অক্টোবর শনিবার রাতে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে নিয়মিত টহল দিচ্ছিল পুলিশ। এ সময় কাঞ্চনগামী পাথরবোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ এগিয়ে যায়। তখন ট্রাকটি পালিয়ে যেতে থাকলে পুলিশ ধাওয়া করে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে। রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক সুজন মিয়া বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রামগড়ে ৪০ কেজি গাঁজাসহ গাড়িচালক আটক

খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় লোকজন ও পুলিশের ধাওয়ায় ৪০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার আটক করা হয়েছে। এ সময় গাড়ির চালক মো: খালিদ হোসেনকেও (২৯) আটক করা হয়। উত্তেজিত জনতার ভাঙচুরে তিনি সামান্য আহত হন। গত শনিবার গভীর রাতে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খালিদ খাগড়াছড়ি সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের রাতু মিয়া পাড়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, খাগড়াছড়ির দিক থেকে আসা গাড়িটি অতিরিক্ত গতিতে জালিয়াপাড়া সড়ক অতিক্রম করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা হাফছড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করে নাকাপা বাজারে গাড়িটি আটকান। এ সময় জনতা গাড়ির সামনের কাচ ভাঙচুর করে। আহত চালককে পরে গুইমারা থানায় নেয়া হয়। 
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

মিয়ানমারে পাচারকালে ৩০১ বস্তা সার উদ্ধার

মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দু’টি ড্রাম ট্রাক উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করা হয়েছে। গত শনিবার ভোরে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মুহুরী প্রজেক্ট ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। একইদিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ উপজেলার ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয় এবং ভোর সাড়ে ৪টার দিকে মুহুরী প্রজেক্ট ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে দু’টি ড্রাম ট্রাক ঢাকা মেট্রো-ট-২২-৬৬০৯ ও ঢাকা মেট্রো-ট ১৬-৩৫৬২ আটক করা হয়েছে। পরবর্তীতে দু’টি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তিন লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। গ্রেফতারদের তথ্যমতে ঘটনার সাথে জড়িত আরো চারজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
৫০ লাখ টাকার রাসায়নিক পদার্থসহ গ্রেফতার ২

জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৮ হাজার ৯৯৫ কেজি রাসায়নিক পদার্থসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে বারইয়ারহাট পৌরসভার সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম। গ্রেফতার ব্যক্তিরা হলেন- যশোর জেলার সদর থানার রামনগর এলাকার মৃত আকবর আলীর ছেলে মো: রায়হান (৫২) ও একই জেলার অবনয়গর থানার পাথালিয়া এলাকার আজহার আলীর ছেলে তাকিবুর রহমান (২৫)। জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় চেকপোস্টের দিকে আসা দু’টি তেলবাহী ট্যাঙ্কারআটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ৪৮ হাজার ৯৯৫ কেজি রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
গৌরনদীতে ৯টি ককটেল উদ্ধার

বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার গৌরনদী পৌরসভার ১ নং ওয়ার্ড সুন্দরদী এলাকার টরকী পান ভাণ্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী পরিত্যক্ত স্থান থেকে ককটেলগুলো উদ্ধার করেন এসআরবির সদস্যরা।এর আগে সকাল ৮টার দিকে ওই স্থানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখেন। পরে পুলিশ এসআরবির সদস্য ও বোমা নিষ্ক্রিয় একটি ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করেন।  গৌরনদী (বরিশাল) সংবাদদাতা