
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মাদারীপুরে দুইজন সংসদ সদস্যের (এমপি) নেতৃত্বে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২২ নভেম্বর) বিকেলে শহরের চৌরাস্তা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ মিছিলে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের এমপি জাহান্দার আলী মিয়া। এর আগে, শহরের স্বাধীনতা অঙ্গন থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির একাংশ। সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খান এতে প্রধান অতিথি ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ মিছিলে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। মিছিলটি কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির পাশাপাশি বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সরদার ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ অনেকেই।
এর আগে শহরের স্বাধীনতা অঙ্গন থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির একাংশ। সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খান এতে প্রধান অতিথি ছিলেন। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে ডিসি ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি নেত্রী হেলেন জেরিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু, জেলা যুবদলের সদস্যসচিব মনিরুজ্জামান ফুকু, পৌর যুবদলের আহ্বায়ক বাসার মাতুব্বর ও জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তারসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য চালাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের এসব কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মানুষ। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার স্বৈরাচারী শক্তিকে প্রতিহত করতে হবে। এই স্বৈরাচারকে আর বাংলাদেশে দেখতে চায় না জনগণ। পাশাপাশি এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার দল জনগণের ভয়ে পালিয়ে গেছে; তারা এখন বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে অন্যায় কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের গণতন্ত্র ধ্বংস করতে তারা জনগণের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করছে। এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









