
বীজগণিতের ক্লাস। চক-ডাস্টার হাতে শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখতে শুরু করেন। লিখছেন আর মুখে উচ্চারণ করছেন, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। লেখা শেষ করে সূত্রটা খাতায় তুলতে বললেন শিক্ষার্থীদের। বিপুল উৎসাহে তুলে নিলো সহপাঠীরা। আমি ভ্যাবলার মতো বসে থাকি- হোয়াট ইজ এ, হোয়াট ইজ বি?
ইংরেজি বর্ণমালার প্রথম দুই অক্ষর কেন গণিতের ক্লাসে আসবে? এদের যোগ করতে হবে কেন? আবার অক্ষর দুটির মাথায় ছোট্ট একটা দুই বসিয়ে হোল স্কোয়ার করার দরকারটা কী? হাত তুলে দাঁড়িয়ে গিয়েছিলাম আমি। শিক্ষক বিরক্ত। ক্লাসের সবাই হেসে উঠেছিল। যারা হেসেছিল, তাদের সবার কাছে কি তখন ‘এ’ আর ‘বি’র রহস্য পরিষ্কার ছিল?
হয়তো ছিল না। স্যার টুকে নিতে বলেছেন, তারা টুকে নিয়েছে। এভাবে চুপচাপ টুকে নিলেই তো চলে, পরীক্ষায় নম্বর পাওয়া যায়। বাড়তি প্রশ্ন করার দরকার কী? তাছাড়া ‘জানি না’ অথবা ‘বুঝতে পারিনি’- এমন কথা ভালো ছাত্রের মুখে মানায় না! ভালো ছাত্ররা বুঝতে না পারলেও মুখস্থ করতে জানে, পরীক্ষার খাতা ভরে লিখে দিয়ে আসতেও জানে!
ব্যাপারগুলো তখন এমনই ছিল। না বুঝে মুখস্থ করা যে ভালো কিছু না, এখন বিষয়টা খোলাসা হয়েছে, তখন আলোচনায়ও ছিল না। আর এ কারণেই শিক্ষকের প্রতি অশ্রদ্ধা তৈরি হয়নি আমার। তিনি প্রচলিত শিক্ষণ পদ্ধতিতেই শেখানোর চেষ্টা করেছেন। তার ছিল সিলেবাস শেষ করার তাড়া। তাছাড়া একটি ক্লাসরুমে প্রায় ২০০ শিক্ষার্থী, সবাই যদি হাত তুলে একেকটা প্রশ্ন করতে থাকে, তাহলে তিনি পড়াবেন কখন? তিনি হয়তো ভেবে নিয়েছিলেন, শিক্ষার্থীরা আজ বুঝতে না পারলেও কাল নিশ্চয়ই বুঝে নেবে।
আসলে ক্লাসরুমে কতটা শেখানো হচ্ছে, সেই প্রশ্ন তো শিক্ষকদের করা হয় না। তাদের মাথার ওপর যারা থাকেন, তারা সাধারণত প্রশ্ন করেন, সিলেবাস কতটুকু শেষ করা হয়েছে, শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করেছে কি না? সম্ভবত এ কারণেই একজন সৎ ও পরিশ্রমী শিক্ষকও তথ্য সরবরাহ করার যন্ত্রে পরিণত হয়ে যান।
একজন শিক্ষার্থীকে ঠিকঠাক না বুঝিয়েই সূত্র বা সংজ্ঞা মুখস্থ করালে তার অনুসন্ধান ক্ষমতা ভোঁতা হতে থাকে। সহজাত ভাবনাগুলো হোঁচট খায়। এতে প্রশ্ন এড়িয়ে নিরাপদ থাকার কৌশল নেয় শিক্ষার্থীরা। ক্লাসরুমে প্রশ্ন করার পর হাসাহাসি হলে, শিক্ষার্থীর মন সঙ্কুচিত হয়। পরেরবার সে আর হাত তোলে না। কেউ কেউ বই-খাতা থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়।
অথচ শেখার শুরুটা হওয়া উচিত ছিল বিস্ময় আর কৌতূহল থেকে। আর ভুল করার স্বাধীনতা থেকে। প্রথম দিনই যদি ‘এ’ আর ‘বি’ এর পরিচয়টা গল্পের মতো করে দেওয়া হতো, যদি বলা হতো, কোনো অজানা পরিমাণকে আপাতত আমরা ‘এ’ বলে ডাকছি। আর আরো একটা অজানা পরিমাণকে ডাকছি ‘বি’ বলে। অথবা অন্যভাবে- বাস্তব জীবনের কোনো উদাহরণ টেনেও বোঝানো যেত। বীজগণিত কেন? এটা কী কাজে লাগবে, সেই ধারণা দিয়েও শিক্ষার্থীদের কৌতূহল তৈরি করা যেত। তাহলে আমার মতো ‘ভ্যাবলা’ ছেলেও হয়তো আগ্রহ পেত।
এমন ভালো কিছুর উদাহরণ যে একেবারে নেই, তা নয়। কয়েক দিন আগে আন্তর্জাতিক শিক্ষার্থী দিবসে নয়া দিগন্তে প্রকাশিত হয় ছোট্ট একটা খবর। লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে প্রধান শিক্ষক হিসেবে প্রতীকী নিয়োগ দেয়া হয়। একদিনের জন্য প্রধানশিক্ষক হয়ে যায় শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবির। ওই দিন কেমন অনুভূতি ছিল তাবাচ্ছুম কবিরের? সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তার হাতে অনুমোদনপত্র ও নিয়োগপত্র তুলে দিয়েছিলেন। তখন সেই তাবাচ্ছুমের ভেতর জন্ম হয়েছিল আত্মমর্যাদা ও দায়িত্ববোধের। সহপাঠীরা যখন এই দৃশ্য দেখেছে, তাদের ভেতরও জেগে উঠেছে স্বপ্ন দেখার সাহস। তাদের থেকে দূর হয়ে গেছে ক্লাসরুমের ভয়। শিক্ষার্থীরা নিজেদের আচরণ ও কাজ নিয়ে আরো সচেতন হওয়ার সুযোগ পেয়েছে।
এ ধরনের পদক্ষেপ আরো বাড়ানো যায়। সারা দেশে ছড়িয়ে দেয়া যায় ছোট ছোট স্বীকৃতি বা উৎসাহ। ছোট এক উৎসাহ মানুষকে কতদূর নিয়ে যেতে পারে সেটা এক অনুষ্ঠানে নিজের কানেই শুনেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। স্কাউটের এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এতে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, এহছানুল হক মিলন যখন শিক্ষা প্রতিমন্ত্রী, তখন এক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী হিসেবে তার হাত থেকে পুরস্কার নিয়েছিলেন মাহদী আমিন।
শিক্ষাজীবনে পাওয়া সেই পুরস্কার মাহদী আমিনের মনে গেঁথে ছিল। কাজ করেছিল উৎসাহ হিসেবে। তিনি হয়তো তখনি বুঝতে পেরেছিলেন, ভালো কাজ করলে কেউ না কেউ সেটা খেয়াল করেন। এই স্বীকৃতি আর উৎসাহ আত্মবিশ^াস যোগায়। আত্মবিশ^াস থেকেই প্রধানমন্ত্রীর উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছতে পেরেছেন তিনি। আর শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে এহসানুলহ হক মিলন যে বিনিয়োগ করেছিলেন, তার ফল তার সামনে হাজির হয়েছে এখন। সুতরাং ভবিষ্যতের জন্য এই বিনিয়োগ আরো বাড়াতে হবে।
সম্প্রতি বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার খাতা মূল্যায়নে অসঙ্গতি কমিয়ে আনতে পেরেছেন তিনি। এতে পাবলিক পরীক্ষাগুলোর ফলাফলে ধস নামলেও এক বা দুই বিষয়ে যারা ফেল করেছে, তাদেরকে এক মাসের মধ্যে পরীক্ষা দেয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন।
ফলাফলে যে ধস নেমেছে, এর কারণ আওয়ামী রেজিমের শিক্ষাব্যবস্থা। তখন ভালো ফলাফল দেখানোর জন্য জোড়াতালি দেয়া হতো। এ প্লাস পাওয়ার হিড়িক লেগে যেত। সৃজনশীল শিক্ষার নামে চাপিয়ে দেয়া হয়েছিল তামাশার শিক্ষা। ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে ডিম ভাজা শেখানো হতো। আলুভর্তা বানানো শেখাতেন শিক্ষকরা। হাতে-কলমে শেখানোর নামে খামোখা কিছু প্রজেক্ট বা উপকরণ তৈরির নির্দেশ দেয়া হতো। এসবের খরচ জোগাতে হতো অভিভাবকদের। অভিভাবকরা বিরক্ত হতেন, ঠাট্টা করতেন।
এর সাথে যুক্ত হয় নি¤œমানের পাঠ্যবই। বইগুলোতে অনুবাদে ভুল ছিল। তথ্যে ভুল ছিল। ধর্মীয় নীতি-নৈতিকতার বিরোধী শিক্ষাও দেয়া হতো। শিক্ষার এই পদ্ধতি ফিনল্যান্ড থেকে আনা হয় বলে দাবি করে সরকার। কিন্তু ফিনল্যান্ড আর বাংলাদেশ কি এক? ফিনল্যান্ডে কি আদৌ এমন তামাশার শিক্ষা দেয়া হয়?
ফিনল্যান্ডে স্কুল পর্যায়ে শিশুদের ওপর এত বেশি হোমওয়ার্ক চাপিয়ে দেয়া হয় না। যা শেখানো দরকার বেশির ভাগই স্কুলে শিখিয়ে দেয়া হয়। যতটুকু হোমওয়ার্ক থাকে, সেটুকুও বাড়িতে গিয়ে দশ-পনেরো মিনিটের মধ্যে সেরে ফেলা যায়। স্কুল থেকে বলে দেয়া হয়, বাড়ি গিয়ে গল্পের বই পড়তে। ওই দেশের শিক্ষার দর্শন মানবিক এবং বিজ্ঞানসম্মত। এমনিতেই দিনের বড় একটা সময় স্কুলে কাটাতে হয় শিশুদের। তার ওপর বাড়িতে গিয়ে যদি স্কুলের পড়া নিয়েই ব্যস্ত থাকতে হয়, তাহলে তারা বিশ্রাম নেবে কখন, খেলবে কখন? কল্পনা করার সময় কোথায়?
ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থায় ওইসব কাজের জন্য সময় থাকে। তারপরও ওই দেশের শিশুরা বিজ্ঞান, গণিতসহ সব বিষয়ে দারুণ ফল করে। কারণ, সেখানে ঘণ্টার পর ঘণ্টা মুখস্থ করানো হয় না। সমালোচনামূলক চিন্তার বিকাশে জোর দেয়া হয়। ওই সে দেশে শিক্ষকতা খুব সম্মানজনক পেশা। তাদের উচ্চমানের প্রশিক্ষণ আছে। আর আমাদের দেশের শিক্ষকদের অবস্থা কী? শিক্ষার্থীর তুলনায় যতজন শিক্ষক দরকার, সেটাই তো নেই। এখানে ফিনল্যান্ডের নাম করে একটা হযবরল পদ্ধতি চাপিয়ে দেয়া হয়েছিল তখন।
হোমওয়ার্ক বা পড়ার চাপ নিয়ে বিভিন্ন দেশে পরীক্ষা-নিরীক্ষা আছে। দক্ষিণ কোরিয়া ২০১৭ সালে শিউল শিক্ষা বোর্ড প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে হোমওয়ার্ক নিষিদ্ধ করে। পরে অনেক অভিভাবক শিক্ষার্থীদের কোচিংনির্ভর করে তোলেন। ফ্রান্সে ১৯৬২ সাল থেকেই প্রাথমিক বিদ্যালয়ে লিখিত হোমওয়ার্ক নিষিদ্ধ থাকলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। ইতালি, কানাডা ও আমেরিকার কিছু অঞ্চলে গ্রীষ্মকালীন ছুটিতে হোমওয়ার্ক দেয়া হয়।
হোমওয়ার্কের মাধ্যমে ছোট ছোট শিক্ষার্থীদেরকে ঠেলে দেয়া হয় কোচিংয়ের দিকে। যারা কোচিং করতে পারে না তারা পিছিয়ে পড়ে। ফিনল্যান্ডে স্কুলের ভেতরেই শেখার ভিত্তি শক্ত করে দেয়া হয়।
আমাদের শিক্ষাব্যবস্থার ভিত কীভাবে শক্ত হবে, তা নিয়ে সুদূরপ্রসারী চিন্তা করতে হবে। কোনো দেশের মডেল তুলে এনে সরাসরি চাপিয়ে দেয়া যাবে না। কোনো বিদেশী শিক্ষাব্যবস্থার রূপকল্প যতই আকর্ষণীয় হোক, সেটার অবকাঠামো, শিক্ষকদের দক্ষতা, শ্রেণীকক্ষের পরিবেশ এবং সামাজিক বাস্তবতা বিবেচনায় নিতে হবে।
আমরা লিখিত হোমওয়ার্কের পরিমাণ কমিয়ে শিক্ষার্থীদের স্বেচ্ছায় বই পড়তে উৎসাহ দিতে পারি। সপ্তাহে একবার সহপাঠীদের সাথে পছন্দের বই, রূপকথা অথবা কমিকস অদলবদল করা যায়। এতে নতুন বই কেনার বাড়তি খরচও হবে না। একটি বই পড়ার সময় যে লাইনটা ভালো লাগবে, সেটা খাতায় টুকে রাখতে বলা যেতে পারে। পরদিন ক্লাসে এসে সহপাঠীদের সাথে সেটা নিয়ে আলাপ করবে শিক্ষার্থীরা।
তাদেরকে ডায়েরি লিখতে উৎসাহ দেয়া যেতে পারে। কিন্ডারগার্টেনগুলোতে অবশ্য ডায়েরি লেখার প্রচলন আছে। কিন্তু ওই ডায়েরিগুলোতে শ্রেণীশিক্ষকরা হোমওয়ার্কের নোট লিখে দেন, স্কুলের পড়ার হিসাব-কিতাব লেখা থাকে। কিন্তু প্রতিদিন কে কী করল, কে কী ভাবল এগুলোও ডায়েরিতে লেখা যেতে পারে। তাহলে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা তৈরির সুযোগ সৃষ্টি হবে। স্কুলে দৈনিক পত্রিকা ও শিশুদের জন্য প্রকাশ হওয়া ম্যাগাজিন রাখা জরুরি। এতে পড়ার অভ্যাস গড়ে উঠবে শিক্ষার্থীদের। বাড়িতে বাগান করার উৎসাহ দিতে হবে তাদের। কার বাগানে কয়টা ফুল ফুটেছে, এ নিয়ে শিক্ষার্থীদের সাথে খোলা আড্ডা দিতে পারেন শিক্ষকরা। সেই আড্ডা থেকেই একেকটা স্কুল হয়ে উঠতে পারে এক-একটা ফুলের বাগান।
লেখক : সহকারী সম্পাদক, নয়া দিগন্ত
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









