
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘একজন সহকারী উপপরিদর্শক ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে গেলে তাদের উপর দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতে একজন কনস্টেবল মারা গেছেন।’
তিনি বলেন, ‘নিহত পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন। এ সময় তার সাথে থাকা সহকারী উপপরিদর্শক আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে, তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
রাত সাড়ে এগারোটার দিকে এ পুলিশ কর্মকর্তা জানান, তারা ঘটনাস্থলে আছেন। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
হাশেমবাগ এলাকাটিতে মাদকের একাধিক স্পট আছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধারের পাশাপাশি গ্রেফতারও করা হয়েছে। হামলার পেছনে মাদক কারবারিদের কোনো চক্র জড়িত কিনা সেটিও তদন্ত করা হচ্ছে।
চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়িতে লুটপাটের অভিযোগে তদন্তে গিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে তাদের সহযোগীরা পুলিশ ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়।
ওই অভিযুক্তদের বিরুদ্ধেও মাদক কারবার ও কিশোর অপরাধী দলের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে সেই সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









