গভীর সমুদ্রবন্দর : আমাদের ভবিষ্যতের দরজা
ads

এ এম শহীদুল এমরান
বাংলাদেশের মানচিত্রে মহেশখালী একটি ছোট্ট দ্বীপ। কিন্তু এই ছোট্ট দ্বীপের একটি ইউনিয়ন মাতারবাড়ীতে এখন লেখা হচ্ছে বাংলাদেশের আগামী ৫০ বছরের ভবিষ্যৎ। এখানে তৈরি হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর। ১৪ দশমিক ৩ কিলোমিটার চ্যানেল, ১৬ থেকে ১৮ মিটার গভীরতা, ৪৬০ মিটার কনটেইনার জেটি। এখানে ৮,০০০ টিইইউসের মাদার ভেসেল সরাসরি ভিড়তে পারবে। শুধু একটা বন্দর হবে না, এটা হবে দেশের অর্থনৈতিক মুক্তির দ্বিতীয় দরজা।
কেন গভীর সমুদ্রবন্দর দরকার
বাংলাদেশের বহির্বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ সমুদ্রপথে চলে। অথচ আমাদের প্রধান বন্দর চট্টগ্রামের গভীরতা মাত্র ৯ দশমিক ৫ মিটার। বড় জাহাজ সেখানে ভিড়তে পারে না। ফলে আমাদের কনটেইনারের বড় অংশ সিঙ্গাপুর, কলম্বো, পোর্ট ক্লাং হয়ে ফিডার জাহাজে আসে। এর মাশুল আমরা দিই তিনভাবে- বেশি খরচ, বেশি সময়, বেশি ঝুঁকি। একটা কনটেইনার আসতে ১০-১২ দিন বেশি লাগে, খরচ বাড়ে ১৫-২০ শতাংশ। মোংলা আর পায়রা বন্দরেরও একই সীমাবদ্ধতা। তাই গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের জন্য বিলাসিতা নয়, এটি ছিল অর্থনৈতিক বেঁচে থাকার তাগিদ।
অর্থনীতিতে কী অবদান রাখবে
প্রথমত, মাদার ভেসেল সরাসরি এলে তৈরী পোশাক, চিংড়ি, ওষুধ দ্রুত বিদেশে যাবে। এতে পরিবহন খরচ প্রায় ১৫ শতাংশ কমবে।
দ্বিতীয়ত, বিশ্লেষকদের হিসেবে এই বন্দর জিডিপিতে ২-৩ শতাংশ পর্যন্ত অবদান রাখতে পারে। প্রথম পর্যায়ে বছরে ১১ লাখ টিইইউস, ২০৪১ সাল নাগাদ ৪২ লাখ টিইইউস কনটেইনার সামলানোর পরিকল্পনা আছে। তৃতীয়ত, মাতারবাড়ী শুধু বাংলাদেশের বন্দর হবে না। নেপাল, ভুটান, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য, এমনকি চীনের ইউনান আর মিয়ানমারের জন্যও এটা সবচেয়ে কাছের বন্দর হবে। ট্রানজিট কার্গো এখান দিয়ে গেলে বাংলাদেশ পাবে ট্রানজিট ফি। বাড়বে আঞ্চলিক গুরুত্বও।
চতুর্থত, জ্বালানি নিরাপত্তা। মাতারবাড়ীতে ইতোমধ্যে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হয়েছে। সামনে এলএনজি টার্মিনাল হওয়ার কথা আছে। বন্দর দিয়ে কয়লা, এলএনজি সরাসরি আনা যাবে।
পঞ্চমত, শিল্পায়ন ও কর্মসংস্থান। বন্দর ঘিরে লজিস্টিকস পার্ক, অর্থনৈতিক অঞ্চল, চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হবে। শুধু মহেশখালীতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে।
মহেশখালী-কক্সবাজার : দ্বিতীয় অর্থনৈতিক রাজধানী
একসময় মহেশখালী মানে ছিল লবণ আর চিংড়ি। এখন মহেশখালী মানে বন্দর, বিদ্যুৎ, এলএনজি, পর্যটন। মাতারবাড়ী বন্দর, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও পর্যটন- এই তিনে মিলে মহেশখালী-কক্সবাজার হয়ে উঠবে দেশের দ্বিতীয় অর্থনৈতিক রাজধানী। কল্পনা করুন, মহেশখালীর চিংড়ি সকালে প্রক্রিয়াজাত হয়ে বিকালে কক্সবাজার বিমানবন্দর দিয়ে দুবাই-সিঙ্গাপুর যাচ্ছে। আর ভারী পণ্য মাতারবাড়ী বন্দর দিয়ে সরাসরি ইউরোপ-আমেরিকা যাচ্ছে। এটা আর স্বপ্ন নয়, আগামী পাঁচ বছরে বাস্তব হতে পারে। কিন্তু এই উন্নয়নের সুফল যেন স্থানীয় মানুষ পায়, তা নিশ্চিত করতে হবে। জমি গেলে ক্ষতিপূরণ, চিংড়ি-লবণের মাঠ নষ্ট হলে বিকল্প ব্যবস্থা, স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দিয়ে বন্দরে চাকরি এগুলো না হলে উন্নয়ন হবে, কিন্তু মহেশখালীর মানুষ পিছিয়ে থাকবে।
কৌশলগত নিরাপত্তার চ্যালেঞ্জ
মাতারবাড়ী শুধু অর্থনীতির প্রশ্ন নয়, এটা কৌশলগত নিরাপত্তারও প্রশ্ন।
স্থানীয় চ্যালেঞ্জ : মাতারবাড়ী প্রাকৃতিক বন্দর নয়, কেটে বানানো বন্দর। ২০২৩ সালে ১৬ মিটার চ্যানেল হলেও দুই বছরের মধ্যে কিছু অংশে পলি জমে ১০ মিটারে নেমে গেছে। খনন এখন একবারের খরচ নয়, আজীবনের ব্যয়। পাশাপাশি ড্রেজড মাটি, ঘোলা পানি, জেলেদের জীবিকা আর ম্যানগ্রোভ ধ্বংস- এগুলো বড় চ্যালেঞ্জ। ম্যানগ্রোভ মহেশখালীকে ঘূর্ণিঝড় থেকে বাঁচায়। এটা ধ্বংস হলে বন্দরও নিরাপদ থাকবে না।
জাতীয় চ্যালেঞ্জ : বন্দরের মালিকানা বাংলাদেশের হাতে থাকতে হবে। বিদেশী অপারেটর আনলেও নিরাপত্তা, শুল্ক, কাস্টমস বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকতে হবে। ট্রানজিট দিলে সেটা হবে শর্তসাপেক্ষে, নির্দিষ্ট ফি দিয়ে- শর্তহীন ট্রানজিট মানে, সার্বভৌমত্বের ওপর আঘাত। এক দেশের ওপর অতিরিক্ত নির্ভরতাও ঠিক নয়। মাতারবাড়ীর ১৭,৭৭৭ কোটি টাকার মধ্যে ১২,৮৯২ কোটি টাকা জাইকার ঋণ। জাপান আমাদের বৃহৎ উন্নয়ন অংশীদার, কিন্তু কৌশলগত স্বায়ত্তশাসনে বহুমুখী অংশীদারিত্ব দরকার।
আন্তর্জাতিক চ্যালেঞ্জ : বিশ্বের এক-চতুর্থাংশ বাণিজ্য, মধ্যপ্রাচ্যের তেল-গ্যাস এই বঙ্গোপসাগর দিয়ে যায়। এখানে চীন চায় মেরিটাইম সিল্ক রোড। ভারত চায় অ্যাক্ট ইস্ট। জাপান-আমেরিকা চায় ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক। মাতারবাড়ী এই তিন শক্তির মাঝখানে। ২০০৯ সালে জাপানের সমীক্ষায় সোনাদিয়াকে সবচেয়ে উপযুক্ত বলা হয়েছিল, প্রাকৃতিক গভীরতা ছিল ১৪-১৬ মিটার। চীন সেখানে বন্দর করতে চেয়েছিল। ভারতের আপত্তিতে তা হয়নি। শেষে জাপানের টাকায় মাতারবাড়ী হলো। তাই এ বন্দর শুধু প্রকৌশল নয়, এটা একটা ভূ-রাজনৈতিক সিদ্ধান্ত। পাশে পেকুয়ায় নৌবাহিনীর সাবমেরিন বেস- তাই কোস্ট গার্ড, নৌবাহিনী, বন্দর নিরাপত্তার সমন্বয় জরুরি।
আমাদের করণীয়
১. বন্দর চালুর আগে মালিকানা, পরিচালনা, ট্রানজিট নীতি স্পষ্ট করা। ২. স্থানীয়দের অগ্রাধিকার- চাকরি, প্রশিক্ষণ, ব্যবসায় স্থানীয়দের অংশ। ৩. পরিবেশ বাঁচিয়ে উন্নয়ন- ম্যানগ্রোভ রক্ষা, খননের পরিবেশগত পরিকল্পনা। ৪. ভারসাম্যের কূটনীতি- কোনো এক দেশের দিকে ঝুঁকে না গিয়ে বাংলাদেশের স্বার্থ সবার উপরে রাখা।
মাতারবাড়ী বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। এ সুযোগ হারালে আরো ৫০ বছর পিছিয়ে যাওয়ার শঙ্কা আছে। তবে মনে রাখতে হবে- বন্দর আমরা বানাচ্ছি দেশের জন্য, কোনো বিদেশী শক্তির জন্য নয়। বন্দরের নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের হাতে, সুফল পাবে মহেশখালীর অধিবাসীদের সাথে সাথে সমগ্র দেশের মানুষ। মহেশখালীর মানুষ একসময় লবণ আর চিংড়ি দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন। এখন মাতারবাড়ী দিয়ে তারা আবার দেশকে এগিয়ে নিতে চান।
লেখক : কৃষিবিদ ও ব্যাংকার