
কূটনৈতিক প্রতিবেদক
কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে পূর্ণ মন্ত্রীর মর্যদায় যোগ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত অ্যান্টিগুয়া ও বারবুডায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। হুমায়ুন কবির কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনগুলোতে অংশগ্রহণের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং বেশ কিছু মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিবেন। গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কমনওয়েলথ বৈঠকে যোগদানকালীন সময়ের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। এই সফরকালে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নিউ ইয়র্ক রয়েছেন। তার জায়গায় ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সরকারপ্রধানদের বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির। বর্তমানে হুমায়ুন কবির ছাড়াও শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
পররাষ্ট্র সচিবের পিতার মৃত্যুতে শোক : পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন মোহাম্মদ নূরুল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হুমায়ুন কবির ও শামা ওবায়েদ।
গতকাল এক শোকবার্তায় তারা বলেন, মোহাম্মদ নূরুল আলম তার বর্ণাঢ্য শিক্ষকতা পেশায় কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একজন শিক্ষাবিদ হিসেবে তার অবদান অপরিসীম। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। পররাষ্ট্র সচিবের পিতা মোহাম্মদ নূরুল আলম বার্ধক্যজনিত কারণে গতকাল শনিবার ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








