সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবি পাল্টাপাল্টি গুলি

সিলেট ব্যুরো 
সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। শনিবার রাতে সীমান্তের ওপারে বিএসএফ দুই রাউন্ড গুলি ছোড়ে। এর পরিপ্রেক্ষিতে নিজেদের সীমান্তের অভ্যন্তরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। এ ঘটনায়    কেউ হতাহত হননি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। 
জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে জৈন্তাপুর সীমান্তের ১২৮৭/১ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনা জানাজানি হয় গতকাল সকালে।
জকিগঞ্জ ১৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, রাতে কয়েকজন চোরাকারবারি সীমান্তের ওপারে সমবেত হওয়ার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা হঠাৎ দুই রাউন্ড গুলি ছোড়েন। এ সময় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে নিজেদের সীমান্তের অভ্যন্তরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
গতকাল বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ ১৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আলম জানান, চোরাকারবারিদের সমবেত হওয়ার চেষ্টাকালে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। এর পরিপ্রেক্ষিতে বিজিবিও সতর্কতামূলকভাবে ফাঁকা গুলি ছোড়েন। এতে কোনো আতঙ্ক বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
তিনি আরো জানান, বিজিবির গুলিবর্ষণ ছিল সতর্কতামূলক পদক্ষেপ। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

Advertisement