
গাজীপুর মহানগর প্রতিনিধি
গবেষণাগারের উদ্ভাবনকে শিল্পপ্রতিষ্ঠানের সাথে যুক্ত করে বাণিজ্যিক প্রয়োগ নিশ্চিত করা এবং তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। গত শনিবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) আয়োজিত দিনব্যাপী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।
বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে গবেষণালব্ধ জ্ঞানের বাস্তব প্রয়োগ এবং স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের বহুমুখী ক্যারিয়ার গড়ার ওপর ভিত্তি করে দু’টি পৃথক সেশনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল বিষয়বস্তু ছিল শিল্পপ্রতিষ্ঠান ও একাডেমিয়ার যৌথ অংশীদারত্বে গবেষণার বাণিজ্যিকীকরণ এবং চিরাচরিত চাকরির বাইরে গিয়ে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), তৃতীয় ভাষা শেখা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটার সঠিক ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা জরুরি। দেশের তরুণদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগানোর জন্য ২০২৬-২৭ অর্থবছরে স্টার্টআপ খাতে ৫০০ কোটি টাকা এবং সৃজনশীল শিল্পে ৮০০ কোটি টাকা বরাদ্দের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে শিল্পের সাথে যুক্ত করে কর্মসংস্থান সৃষ্টি ও দেশ গঠনে এগিয়ে আসতে তরুণদের আহ্বান জানান তিনি।
গাকৃবির ভিসি অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো: জাহিদুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতির বক্তব্যে ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ও গবেষণাকে শিল্প খাতে কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার তৈরি হবে। একই সাথে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
দিনব্যাপী এ সেমিনারে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারের শেষ অংশে শিল্পোদ্যোক্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির ধন্যবাদ জ্ঞাপনে আয়োজনটি শেষ হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








