দৌড়েও বাঁচতে পারলেন না বিপ্লব দিনে-দুপুরে কুপিয়ে হত্যা

 নিজস্ব প্রতিবেদক
রাজধানীর লালবাগে দিনে-দুপুরে মো: বিপ্লব ওরফে ফর্মা বিপ্লব (৩৫) নামের এক যুবককে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাণ বাঁচাতে আকুল হয়ে ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি; পেছন থেকে ধাওয়া করে অত্যন্ত নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়। গতকাল দুপুরে লালবাগের শহীদনগর ৪ নম্বর গলির বায়তুল ফালা জামে মসজিদ রোড-সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে শহীদনগর ৪ নম্বর গলির নির্মাণাধীন ভবন ও মসজিদ রোড এলাকায় অবস্থান করছিলেন মাছ দোকান কর্মচারী বিপ্লব। হঠাৎ অজ্ঞাতনামা দুই থেকে তিন জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র হাতে তার ওপর চড়াও হয়। প্রাণ বাঁচাতে বিপ্লব চিৎকার দিয়ে দৌড়ে পালানোর আপ্রাণ চেষ্টা করেন; কিন্তু অস্ত্রধারী হামলাকারীরা তাকে চার দিক থেকে ঘিরে ফেলে এবং ধাওয়া দিয়ে ধরে ফেলে। এরপর প্রকাশ্যে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। দুর্বৃত্তরা বিপ্লবের বুকের বাঁ পাশে, বাঁ পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের কব্জিতে গভীর একাধিক কোপ ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে বিপ্লব রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বুক ও পা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল জানান, প্রাথমিক তথ্যে মনে হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। পুলিশ কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে, এলাকার সিসিটিভি   ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের বুকের বাঁ পাশে গভীর ক্ষতের চিহ্ন ছাড়াও বাঁ পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের কব্জিতে ধারালো অস্ত্রের আঘাতের আলামত পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণই তাৎক্ষণিক মৃত্যুর মূল কারণ বলে প্রাথমিক আলামতে প্রতীয়মান হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে প্রেরণ করা হয়েছে।
এ দিকে রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মোহাম্মদ রাহাত (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, গতকাল বিকেলে খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে রাহাত নামে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবক ভবঘুরে প্রকৃতির ও মাদকাসক্ত এবং ওই এলাকায় থাকতেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

Advertisement