বগা সেতুর নির্মাণকাজ শুরুর প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে এমপি শফিকুল ইসলাম মাসুদ
বগা সেতুর নির্মাণকাজ শুরুর প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে এমপি শফিকুল ইসলাম মাসুদ। নয়া দিগন্ত
ads

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘পটুয়াখালীর বাউফল ও দুমকী উপজেলার মধ্যবর্তী লোহালিয়া নদীর উপর নির্মিত বগা সেতু হবে দক্ষিণবঙ্গের সাথে সারাদেশের সেতুবন্ধন।’

তিনি বলেন, ‘লোহালিয়া নদীতে প্রস্তাবিত বগা সেতুটি নির্মিত হলে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সাথে সারাদেশের নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।’

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে বগা সেতুর নির্মাণকাজ শুরুর প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘দীর্ঘদিন ধরে নদীর কারণে বিচ্ছিন্ন থাকা জনপদের মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে এই সেতু। বিশেষ করে জরুরি রোগী পরিবহন, অ্যাম্বুলেন্স চলাচল, লাশ বহন ও পদ্মা সেতু হয়ে রাজধানী থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে যে অনিশ্চয়তা ও ভোগান্তি রয়েছে, তা অনেকাংশে দূর হবে। শীত মৌসুমে নাব্যতা সঙ্কটের কারণে লঞ্চ ও ফেরি চলাচলে যে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়, সেতুটি নির্মিত হলে তারও অবসান ঘটবে।’

সেতু নির্মাণের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সেতু উপদেষ্টা ড. ফয়জুল করিমের সাথে আমরা তিনবার সাক্ষাৎ করেছি। তিনি বিষয়টি অত্যন্ত আন্তরিকতার সাথে বিবেচনা করে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিয়েছেন। বর্তমান সরকারও সেই উদ্যোগকে অনুমোদন দিয়ে বাস্তবায়নের কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

তিনি আরো বলেন, ‘নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চীন সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় চীন সরকার ও দেশটির জনগণের প্রতিও দক্ষিণবঙ্গের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এমপি মাসুদ বলেন, ‘নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। এই সেতু বাস্তবায়নে যারা নিজ নিজ অবস্থান থেকে কাজ করেছেন, পরামর্শ দিয়েছেন এবং সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এ কাজের কৃতিত্ব কোনো ব্যক্তি বা দলের একার বলে দাবি করতে চাই না। আল্লাহর অশেষ রহমতের পর এ অর্জনের প্রকৃত কৃতিত্ব বাউফলবাসীর।’

তিনি বলেন, ‘চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদল ও কারিগরি প্রতিনিধিরা সরেজমিন পরিদর্শনের মাধ্যমে কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও সার্বক্ষণিকভাবে কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তাদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানাই।’

তিনি আরো বলেন, ‘জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে সেতুটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি, আগামী ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরুতে প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রীও এ বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন।’

এ সময় উপস্থিত ছিলেন বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো: শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ রেদওয়ান উল্লাহ, যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান, বগা, মদনপুরা ও আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: মুজাহিদুল ইসলাম বাবু, মো: কবির হোসেন, বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা মো: সেলিমুর রহমানসহ বাউফল ও দুমকী উপজেলার জামায়াত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বগা সেতু বাস্তবায়িত হলে বাউফল, দুমকীসহ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সঙ্কট নিরসন হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারিত হবে বলে আশা করছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের স্বপ্নের এই সেতু বাস্তবায়নের মধ্য দিয়ে দক্ষিণবঙ্গের উন্নয়ন ও অগ্রযাত্রায় সূচিত হবে নতুন অধ্যায়।