হাজীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব : ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) হাজীদের অর্থ ফেরত প্রাপ্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন : পিআইডি।

 নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশী হাজীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি আরবে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।
গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী জানান, গত ২৯ অক্টোবর বাংলাদেশ হজ অফিস, জেদ্দার ‘নুসুক’ সিস্টেমে সম্পূর্ণ অর্থ ফেরত জমা হয়েছে। বাংলাদেশী হজযাত্রীদের ইন্স্যুরেন্স কাভারেজের বাইরে চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ যে অর্থ কেটে রেখেছিল, তা সফলভাবে ফেরত আনা সম্ভব হয়েছে। ফেরত পাওয়া অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো পাবে।
তিনি বলেন, হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক   মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। পূর্ববর্তী হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ কর্তনের কোনো নজির ছিল না বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী আরো জানান, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অংশ হিসেবে ২০২৬ সালের পবিত্র হজের উদ্বৃত্ত অর্থ থেকে চার হাজার ৩৪১ জন হজযাত্রীকে মোট চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হাব মহাসচিব ফরিদ আহমদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement