ক্রিকেট
বাংলাদেশের ক্রিকেটাররা। সংগৃহীত
ads

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের ইতিহাস নেই বাংলাদেশের, প্রথম ম্যাচেও হারতে হয়েছে বড় ব্যবধানে। তবে জোহানেসবার্গে প্রথম ইনিংসে ৪০০ রান তুলে ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। 

এবার সেঞ্চুরিয়নে পেস ও বাউন্সের চ্যালেঞ্জ সামলে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নাজমুল হোসেন শান্তর দলের। সেই লক্ষ্যেই আজ সোমবার দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট ক্রিকেট মানেই গতিময় উইকেট, বাড়তি বাউন্স আর ব্যাটারদের ধৈর্যের কঠিন পরীক্ষা।

সেঞ্চুরিয়নও ব্যতিক্রম নয়, এই মাঠও বরাবরই পেসারদের সহায়তা করে। তবে এখানে একবার থিতু হতে পারলে বড় রান করার সুযোগও থাকে। 

ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ থাকলেও উইকেটে সময় কাটাতে পারলে রান করা যায়। খেলা যত এগোয়, উইকেটের গতি তত বাড়তে পারে। তবে সেই সুযোগ কাজে লাগাতে উইকেটে টিকে থাকার চ্যালেঞ্জটা আগে সামলাতে হবে।

এদিকে এই টেস্টের আগে দুই দলই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট সমস্যায় পড়েছে। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম কুঁচকির চোটে ছিটকে গেছেন। প্রথম টেস্টে কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করার পর এমআরআই করানো হয়। 

পরীক্ষায় পেলভিক অঞ্চলে প্রদাহ ধরা পড়ায় বিশ্রাম ও পুনর্বাসনের পরামর্শ দেয়া হয়েছে তাকে। এ ছাড়া কনুইয়ের চোটে নেই হাসান মাহমুদ। প্রথম টেস্টে ৪ উইকেট নেয়া এই পেসারের অনুপস্থিতি বাংলাদেশের বোলিং আক্রমণে বড় ধাক্কা। 

তার জায়গায় একাদশে ফিরতে পারেন শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ। গতকাল উইকেটের পাশের পিচে বোলিং অনুশীলন করেছেন শরীফুলও খালেদ। অনুশীলন শেষে খালেদ ও শরীফুলকে আলাদাভাবে উইকেট পর্যবেক্ষণ করতে দেখা গেছে। 

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাও খেলবেন না। প্রথম টেস্টে কাফ মাসলের চোটে পড়েছেন তিনি। তার জায়গায় টনি ডি জর্জি খেলবেন। অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম। অন্যদিকে এনরিখ নরকিয়া ফিরছেন একাদশে, বাদ পড়েছেন ডেন প্যাটারসন।

জোহানেসবার্গে প্রথম টেস্টের শুরুতে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে তাওহীদ হৃদয় ও লিটন দাসের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় দল। হৃদয় করেন ১৩৭ রান, লিটনের ব্যাট থেকে আসে ১২০। 

ষষ্ঠ উইকেটে তাদের ২০৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। সুবাদে প্রথম ইনিংসে ৪০০ রান তোলে বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান করে ১৫৭ রানের লিড নেয়। 

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং আবার ভেঙে পড়ে, অলআউট হয় ১৬৮ রানে। সাইমন হারমারের ৬ উইকেট ও কাগিসো রাবাদার ৩ উইকেটে স্বাগতিকদের জয় সহজ হয়ে যায়। ১২ রানের লক্ষ্য পেরিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

শুধু এই ম্যাচ নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের ইতিহাসও হতাশার। দুই দলের আগের ১৭ টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৫টিতে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশের কোনো জয় নেই। প্রোটিয়াদের মাটিতে এর আগে খেলা সব টেস্টেই হেরেছে বাংলাদেশ।

সেঞ্চুরিয়নেও দক্ষিণ আফ্রিকার রেকর্ড শক্তিশালী। সুপারস্পোর্ট পার্কে ৩০ টেস্টে ২৪ জয়, ৩ হার ও ৩ ড্র স্বাগতিকদের। পেস ও বাউন্সের এই মাঠে বাংলাদেশের জন্য তাই কাজটা সহজ নয়।

তবে নতুন বলের সুইং ও বাউন্স সামলে উইকেটে সময় কাটাতে পারলে রান করার পথ খুলবে। আর শুরুতেই উইকেট হারালে কঠিন হয়ে উঠতে পারে ম্যাচ।