
জনগণের জান-মাল, ইজ্জত ও নিরাপত্তা রক্ষায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
সোমবার ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে দক্ষিণখান পূর্ব থানা আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণখান পূর্ব থানা আমির মো: আবু সাঈদ।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আমরা সর্বস্তরের মানুষকে নিয়ে নাগরিক সমাবেশ আয়োজন করতে যাচ্ছি। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, তাদের ঐক্যবদ্ধ করা এবং নাগরিক অধিকার ও নিরাপত্তার বিষয়ে সোচ্চার করাই এসব সমাবেশের মূল লক্ষ্য।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা দেশে কখনোই ফিরবে না। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিদেশ থেকে নেতাকর্মীদের উসকে দেয়া হচ্ছে। জনগণের ওপর আক্রমণ হলে আমরা বসে থাকব না, বরং সর্বশক্তি দিয়ে জনগণের পাশে দাঁড়াব।’
তিনি আরো বলেন, ‘সরকারের ব্যর্থতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্রয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের জীবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। সংসদ সদস্যদের বাড়িতে হামলা, ব্যবসা-প্রতিষ্ঠানে ভাঙচুর এবং পুলিশের গাড়িতে হামলার মতো ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি করায় জনগণের উদ্বেগ বাড়াচ্ছে।’
সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘অভ্যন্তরীণ দুর্বলতা ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়ার অভিযোগগুলো আগে নিয়ন্ত্রণ করুন। একইসাথে যৌথ অভিযানের মাধ্যমে যেখানেই যারা সন্ত্রাসের সাথে জড়িত হোক, সেটা রাজনৈতিক সন্ত্রাসী হোক অথবা অন্য কেউ হোক, সন্ত্রাসের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। জনগণের দেয়া ম্যান্ডেটের প্রতি অবজ্ঞা প্রদর্শন থেকে সরে এসে জুলাইকে কার্যকর করা, জুলাইয়ের মর্যাদা রক্ষা এবং সংবিধান সংস্কার পরিষদের শপথের মাধ্যমে সংবিধানকে ফ্যাসিবাদমুক্ত করে গণতান্ত্রিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত করারও আহবান জানান তিনি।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী জনকল্যাণের রাজনীতি করে এবং জনগণের পাশে রয়েছে।’
ঢাকাবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘জনগণ জামায়াতের প্রতি যে সমর্থন ও ম্যান্ডেট দিয়েছেন, তার প্রতিদান হিসেবে জনগণের জান-মাল, ইজ্জত ও নিরাপত্তা রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করবো আমরা। দেশের যেকোনো কঠিন পরিস্থিতিতে জামায়াত মানুষের পাশে থাকবে।’
দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, ‘পাড়া-মহল্লায় গণসংযোগের মাধ্যমে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে হবে। জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। কোরআন ও সুন্নাহর আলোকে মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের অগ্রযাত্রাকে আরো বেগবান করার আহবান জানান তিনি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









