কুড়িগ্রামে ৯ কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি

কুড়িগ্রাম প্রতিনিধি
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুড়িগ্রাম জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের মোট ৭০ জন পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।
শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রৌমারীর চর শৌলমারী আদর্শ মহিলা কলেজের ২৪ জন, নাগেশ্বরী মডেল কলেজের ১৫ জন, রাজারহাটের সিঙ্গার ডাবরিরহাট কলেজের ১০ জন এবং সিঙ্গার ডাবরিরহাট বি এল হাইস্কুল অ্যান্ড কলেজের ছয়জন পরীক্ষার্থী অংশ নেন।
এ ছাড়া নাগেশ্বরীর কুটি পায়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের পাঁচজন, ছিলাখানা মডেল কলেজের চারজন, উলিপুরের হজরত ফাতেমা (রা.) পৌর গার্লস স্কুল অ্যান্ড কলেজের তিনজন, চিলমারীর দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের দুজন এবং রাজারহাটের পাঙ্গারাণী লক্ষ্মী প্রিয়া স্কুল অ্যান্ড কলেজের একজন পরীক্ষার্থী অংশ নিয়েও কেউ পাস করতে পারেননি।
এদিকে, জেলায় সামগ্রিক পাসের হার ৪০ দশমিক ৭২ শতাংশ। এ বছর ১১ হাজার ৭২২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৭৭৩ জন।

Advertisement