
নয়া দিগন্ত ডেস্ক
দেশে চলতি বছর হাম ও উপসর্গে সাড়ে ছয় মাসে মোট ১২৫২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৪ জন। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে হাম ও উপসর্গে মোট আক্রান্তদের মধ্যে ৯৮৭ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৯৭ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৮৯ জন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট এক হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন, আর উপসর্গে মারা গেছে এক হাজার ১৪৭ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট দুই লাখ ২৮ হাজার ৬৬০ জনের। আর হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২৩ হাজার ৮৬৭ জনের। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে দুই লাখ ৫২ হাজার ৫২৭ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ তিন হাজার ৫২৮ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৯৫ হাজার ৮৮ জন।
চলতি বছরে হাম ও উপসর্গে সবচেয়ে বেশি ৫৮০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৫, চট্টগ্রামে ১২০, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৯১, বরিশালে ৮৭, খুলনায় ৫৬ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
সিলেট বিভাগে নতুন ভর্তি ১০৩
সিলেট ব্যুরো জানান, সিলেট বিভাগে হামে মৃত্যুহীন দিনেও মিলছে না স্বস্তি। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। এ সময়ে নতুন কারো হাম শনাক্ত না হলেও বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮৯ জন।
গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১১৫ জনে রয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








