১৭টি পদের বিপরীতে শিক্ষক মাত্র ৬ জন

 এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষক সঙ্কটের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টিতে অনুমোদিত ১৭টি শিক্ষক পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ছয়জন। শূন্য রয়েছে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাঠদান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৮৭১ সালে সরাইল সদর এলাকায় প্রায় ৩ দশমিক ৭৩ একর জমির ওপর শিক্ষানুরাগী রায় বাহাদুর অন্নদা প্রসাদ রায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। দীর্ঘ দিন ধরে বিদ্যালয়টিতে শিক্ষক সঙ্কট চলছে।
বর্তমানে বিভিন্ন বিষয়ের ছয়জন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যবসায় শিক্ষা বিভাগে কোনো শিক্ষক নেই। ফলে এ বিভাগের শিক্ষার্থীরা নিয়মিত বিষয়ভিত্তিক পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া প্রশিক্ষণ ও ছুটির কারণে অন্য কয়েকজন শিক্ষকও নিয়মিত পাঠদানে অংশ নিতে পারছেন না। এতে একজন শিক্ষককে একাধিক বিষয়ের ক্লাস নিতে হচ্ছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত দাস জানান, বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৫৩১। অনুমোদিত ১৭টি পদের বিপরীতে মাত্র ছয়জন শিক্ষক দিয়ে পাঠদান চালাতে হচ্ছে। কয়েকজন খণ্ডকালীন শিক্ষক দিয়েও ক্লাস নেয়া হচ্ছে। শিক্ষক সঙ্কটের মধ্যেও শিক্ষার মান ও পরীক্ষার ফলাফল ধরে রাখার চেষ্টা চলছে। 
সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য বলেন, বিদ্যালয়ে শিক্ষক পদ শূন্য রয়েছে। শিক্ষক পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির বলেন, তিনি সম্প্রতি যোগদান করেছেন। বিদ্যালয়ের শিক্ষক সঙ্কটের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Advertisement